বাড়ছে এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৪:৩১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসের ছোবল তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দূর সীমানায় মিলছে না কোন আলোর রেখা। গবেষকরা খুঁজে পাচ্ছেন না প্রতিকারের পথ। যে চীন করোনার ছোবল থেকে মুক্তির পথ প্রায় খুঁজে নিয়েছিল। সেখানে নতুন করে আবার ধরা পড়েছে করোনা। বিশ্ব এরই মধ্যে স্থবির হয়ে পড়েছে। একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ক্রীড়া আয়োজন। শঙ্কা আছে এখনও পাঁচ মাস দূরে থাকা টি-২০ এশিয়া কাপ নিয়েও।
করোনার দাপটে এরই মধ্যে এক বছর পিছিয়ে গেছে অলিম্পিক। ইউরো কাপ, কোপা আমেরিকার মতো আসরও পিছিয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম স্থগিত হয়েছে উইম্বলডন। কয়েক মাস পিছিয়ে দেওয়া হয়েছে ফরাসি ওপেন। ইউরোপের সর্বোচ্চ পর্যায়ের লিগ বন্ধ হয়ে আছে। ক্রিকেটে একের পর এক সিরিজ স্থগিত হচ্ছে। আইপিএলের মাথার ওপর অনিশ্চয়তার কালো মেঘ। এর মধ্যে সেপ্টেম্বরের এশিয়া কাপ নিয়েও তেমন আশা দেখা যাচ্ছে না।
চলতি বছরের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানানোয় তা সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার কথা বলে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতও জানিয়েছিল, তারা সংক্ষিপ্ত নোটিশে এশিয়া কাপ আয়োজন করতে সক্ষম। কিন্তু সেখানেই এখন লকডাউন চলছে। এশিয়ার অনেকে দেশের চেয়ে সেখানকার পরিস্থিতি খারাপ। লকডাউন তাই আরও বাড়তে পারে। ফলে, টুর্নামেন্ট হওয়া নিয়ে সংশয় বাড়ছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি এ নিয়ে বলেন, 'এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এখনও অবশ্য এ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। পুরো বিশ্ব জুড়েই এখন অনিশ্চিত অবস্থা। সেপ্টেম্বরে পরিস্থিতি কী দাঁড়াবে, তা এখনই বলা মুশকিল। পুরোটাই নির্ভর করছে অনেকগুলো বিষয়ের উপর। এখন এ নিয়ে ভেবে লাভ নেই। হয়তো চলতি মাসের শেষে আমরা একটা পরিষ্কার চিত্র পাবো।'
