ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

গোল করে গ্যালারিতে কাকে জড়িয়ে ধরলেন কেপ ভার্দের খেলোয়াড়

গোল করে গ্যালারিতে কাকে জড়িয়ে ধরলেন কেপ ভার্দের খেলোয়াড়
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ১৮:৪৭ | আপডেট: ০৪ জুলাই ২০২৬ | ১৯:৩৪

এবারের বিশ্বকাপে রাউন্ড অব ৩২-এর লড়াইয়ে শুক্রবার রাত চারটায় মুখোমুখি হয় আন্ডারডগ কেপ ভার্দে এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অতিরিক্ত সময় ও স্টপেজ টাইমের নাটকীয়তায় ভরপুর এই ম্যাচে শেষ পর্যন্ত আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জয়লাভ করে। তবে ম্যাচ হারলেও কেপ ভার্দের ফুল-ব্যাক সিডনি লোপেস ক্যাব্রালের দুর্দান্ত গোল এবং গ্যালারিতে ছুটে গিয়ে উদযাপন, তাকে নতুন এক আইকনে পরিণত করেছে। 

ম্যাচের ২৯তম মিনিটে অধিনায়ক লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা খাতা খোলে। তবে হাল ছাড়েনি কেপ ভার্দে। ৫৯তম মিনিটে ডেরয় দুয়ার্তের গোলে তারা সমতায় ফেরে এবং ৯০ মিনিট পর্যন্ত এই ১-১ সমতা ধরে রাখতে সক্ষম হয়। 

অতিরিক্ত সময়ের শুরুতেই লিসান্দ্রো মার্টিনেজের গোলে আর্জেন্টিনা লিড নেয়। তবে ম্যাচের ১০৩তম মিনিটে কেপ ভার্দের ফুল-ব্যাক সিডনি লোপেস ক্যাব্রাল এক দুর্দান্ত গোল করে ম্যাচে ২-২ সমতায় ফেরান। যদিও স্টপেজ টাইমের দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আরও একটি গোল করে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে।

বিনুনি করা চুল, সাদা রিস্টব্যান্ড এবং ২০২৬ বিশ্বকাপের ব্যাজযুক্ত নীল জার্সি পরা ক্যাব্রাল গোল করার পরপরই গ্যালারির দিকে ছুটে যান। আগে থেকে গ্যালারিতে উপস্থিত এক নারীর দিকে ছুটে যান তিনি। সব বাধা ডিঙিয়ে গ্যালারিতে পৌঁছে সেই নারীকে জড়িয়ে ধরেন ক্যাব্রাল। তাদের এই মুহূর্তের ছবি দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আলোচনা শুরু হয়, কে ওই নারী।

পরে জানা যায়, ওই নারী ক্যাব্রালের প্রেমিকা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দাবি করেছে, মাঠে ফিরে যাওয়ার আগে ক্যাব্রাল তাকে ভালোবাসার কথাও বলেন। 

তুরস্কের সুপার লিগের ক্লাব ট্রাবজোনস্পোরের হয়ে খেলা ২৩ বছর বয়সী ক্যাব্রাল সামাজিকমাধ্যমে তার সম্পর্কের বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে রাখতে চাইছেন। তাই ওই নারী সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে তাদের আলিঙ্গনের মুহূর্তটি কেপ ভার্দের ঐতিহাসিক বিশ্বকাপ যাত্রায় উজ্জ্বল এক অধ্যায় হয়ে থাকবে। সূত্র: দ্য নিউইয়র্ক পোস্ট

আরও পড়ুন

×