ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

ব্রাজিল-নরওয়ে ম্যাচের দায়িত্বে ‘৮ কার্ড দেখানো’ রেফারি

ব্রাজিল-নরওয়ে ম্যাচের দায়িত্বে ‘৮ কার্ড দেখানো’ রেফারি
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ১৮:৪৮

ঘানা ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে রাউন্ড অব ৩২-এর রোমাঞ্চকর লড়াই। এবার ৩২ দলের মধ্যে টিকে থাকা ১৬টি দলকে নিয়ে শুরু হতে যাচ্ছে রাউন্ড অব সিক্সটিনের লড়াই। শেষ ষোলোর দ্বৈরথের দ্বিতীয় দিনই মাঠে নামছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ইউরোপীয় জায়ান্ট নরওয়ে।

সোমবার বাংলাদেশ সময় রাত ২টায় নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। হাই-ভোল্টেজ ম্যাচটির জন্য ইতোমধ্যে রেফারি প্যানেল ঘোষণা করেছে ফিফা।

নিউ জার্সি স্টেডিয়ামে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ম্যাচ পরিচালনার মূল দায়িত্ব পেয়েছেন বিশ্বকাপের সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের রেফারি ইসমাইল এলফাত। এছাড়া তার সহকারী (লাইন্সম্যান) হিসেবে থাকবেন তারই দুই স্বদেশি কোরি পার্কার ও কাইল অ্যাটকিন্স। অর্থাৎ, মাঠের প্রধান তিন রেফারিই থাকছেন আমেরিকার।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি হাই-প্রোফাইল ম্যাচ পরিচালনা করেছেন ইসমাইল এলফাত। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস বনাম জাপান এবং উরুগুয়ে বনাম স্পেনের মধ্যকার ম্যাচ দুটি পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি।

কড়া মেজাজের রেফারি হিসেবে পরিচিতি ইসমাইল এলফাত দুই ম্যাচে সবমিলিয়ে ৮টি কার্ড দেখিয়েছেন। এর মধ্যে একটি লাল কার্ড এবং বাকি ৭টি হলুদ কার্ড। এখন ব্রাজিল ও নরওয়ের ম্যাচে তিনি কেমন ভূমিকা রাখেন, সেটাই দেখার বিষয়।

ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ম্যাচের বিজয়ী দলটি সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মেক্সিকো অথবা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আগামী ১১ জুলাই মায়ামিতে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এর আগে ২০২২ সালে কাতার বিশ্বকাপে ব্রাজিলের একটি ম্যাচ পরিচালনা করেছিলেন ইসমাইল এলফাত। গ্রুপ পর্বে ক্যামেরুনের বিপক্ষে খেলা সেই ম্যাচে ১-০ গোলে হেরেছিল ব্রাজিল।

 

আরও পড়ুন

×