লকডাউন না মানায় জরিমানা ভারতের ক্রিকেটারের
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৫:১৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ভারতে চলছে তিন সপ্তাহের লকডাউন। ভারতে যা জনতা কারফিউ নামেও পরিচিতি পেয়েছে। আগামী ১৪ এপ্রিল এই লকডাউন উঠার কথা। যদিও তা আরও বাড়ার সম্ভাবনা আছে। এই সময়ে বিনা প্রয়োজনে বাইরে থাকা মানা। কিন্তু ভারতের জাতীয় দলে খেলা এক ক্রিকেটার ওই নিয়ম না মানায় তাকে জরিমানা গুনতে হলো।
তিনি ভারতের জাতীয় দলের হয়ে খেলা অলরাউন্ডার ঋষি ধাওয়ান।হিমাচল প্রদেশে থাকেন তিনি। গাড়ি নিয়ে বেরিয়েছিলেন রাস্তায়। যদিও ওই রাজ্যে বাইরে বের হওয়ার জন্য ছাড় দেওয়া সময় সকাল ১০টা থেকে দুপুর একটার মধ্যেই বেরিয়েছিলেন তিনি। কিন্তু তার কাছে গাড়ির নিয়ে বের হওয়ার ছাড়পত্র ছিল না।
সেই কারণেই পুলিশ আটকায় তাকে। জরিমানা করে ৫০০ রুপি। সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ব্যাংকে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তিনি।
২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ঋষির। ভারতের জার্সিতে তিনটি ওয়ানডে ও একটি টি-২০ খেলেছেন তিনি। কিন্তু নজর কাড়তে পারেননি। তিন ওয়ানডে ম্যাচে ১২ রান ও এক উইকেট নেন তিনি। একমাত্র টি-২০তে অপরাজিত থাকেন এক রানে, নেন এক উইকেট।
তবে ভারতের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৯ ম্যাচে তিনি ৩৭০২ রান করেছেন। নিয়েছেন ৩০৮ উইকেট। লিস্ট 'এ' ক্রিকেটে ১৭৭৭ রান তার। নামের পাশে উইকেট ১২৫টি। আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাব, মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলেছেন তিনি।
