ইংলিশ লিগ শুরুর আগে খেলোয়াড়দের করোনা পরীক্ষার দাবি
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৫:৫১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনার মধ্যে ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবল লিগ শুরু নিয়ে নানান কথা উঠছে। অনেকে দর্শকশূন্য গ্যালারিতে ফুটবল ফেরানোর মত দিচ্ছেন। কেউ বলছেন, এই পরিস্থিতিতে খেলার কথা চিন্তা করাও অন্যায়। তবে ইংলিশ লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) প্রধান রিচার্ড বেভান মনে করেন, সকল ফুটবলারকে কোভিড-১৯ পরীক্ষার পরই কেবল ইংল্যান্ডে ফুটবল মৌসুম শুরু করা সম্ভব।
পরীক্ষার যথার্থতা নিশ্চিত হওয়ার পরই কেবল খেলা মাঠে গড়াতে পারে বলে মত দিয়েছেন। উদাহরণ হিসেবে জার্মানির কথা তুলে ধরেছেন বেভান। আগামী মে মাসে ফুটবল ফেরানোর চিন্তা করছে জার্মানি। এরই মধ্যে দলগুলো অনুশীলনও শুরু করে দিয়েছে। দেশটির সরকারের দারুণ পরিকল্পনার ফলেই এটা সম্ভব হচ্ছে বলে মনে করেন তিনি।
জার্মানিতে প্রতিদিন ৫০ হাজার লোককে করোনা পরীক্ষার আওতায় এনেছে তারা। বেভান বলেন, ' ইংল্যান্ডে প্রতিদিন ১০ হাজার পরীক্ষা করছে, যদিও সরকার এই মাসের শেষের দিকে প্রতিদিন এক লাখ পরীক্ষার লক্ষ নির্ধারন করেছে। আমাদের কোচরা তাদের খেলোয়াড়দের পরীক্ষা না হওয়া পর্যন্ত মাঠে ফিরতে চান না। সরকারের এটা অবশ্যই নিশ্চিত করতে হবে।'
ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবল প্রায় এক মাস করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে আছে। মৌসুমের বাকি অংশ ৫৬ দিনের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে ইংলিশ ফুটবল লিগ কর্তৃপক্ষ। তবে কোচদের মতামত বা পরামর্শ ছাড়া এমন পরিকল্পনা করায় কর্তৃপক্ষের সমালোচনা করেছেন বেভান।
