ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বাফুফের চাওয়া চট্টগ্রাম, মন্ত্রণালয় বলছে সিলেট

বাফুফের চাওয়া চট্টগ্রাম, মন্ত্রণালয় বলছে সিলেট
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৮ আগস্ট ২০২৩ | ০৬:৩৯

সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে আফগানিস্তান ফুটবল দলের বাংলাদেশে আসাটা নিশ্চিতই ছিল। একটি, না দুটি ম্যাচ; এটা নিয়েই চলছিল আলোচনা। সেটাও নিশ্চিত হয়েছে গতকাল। জামাল ভূঁইয়াদের বিপক্ষে ৪ ও ৭ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে আফগানিস্তান। গতকাল ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। কিন্তু প্রতিপক্ষ এবং খেলার তারিক নির্ধারণ হলেও চূড়ান্ত হয়নি ভেন্যু। 

সংস্কার কাজ চলায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ২০২৪ সালের জুনের আগে পাবে না বাফুফে। এদিকে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে স্বীকৃতি পাওয়া সিলেট জেলা স্টেডিয়ামে খেলতে চান না ফুটবলাররা। বিকল্প হিসেবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম চাইছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। রোববার সমকালের কাছে সেই চাওয়ার কথা জানান তিনি, ‘যেহেতু ঢাকার মধ্যে খেলার সুযোগ নেই। তাই ঢাকার বাইরের ভেন্যুর কথা যদি বলতে হয়, আমি চাইব চট্টগ্রাম।’ 

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শনে যাওয়ার কথা বাফুফের একটি প্রতিনিধি দল। কিন্তু বাফুফে সভাপতি ভেন্যু হিসেবে চট্টগ্রামকে চাইলেও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল খেলার জন্য সিলেট জেলা স্টেডিয়ামকেই দেখিয়ে দিয়েছেন, ‘কোন ভেন্যুতে খেলবে, এটা আমার সঙ্গে শেয়ার করেনি। আমি যতটুকু জানি, সিলেটেই বাংলাদেশের পরের ম্যাচগুলো হবে।’

চলতি মাসেই এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসির) অনুমোদন পাওয়ার কথা বসুন্ধরা কিংস অ্যারেনা। এরপর বাফুফে ফিফার কাছে আবেদন করলে এবং বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা অনুমোদন দিলে আন্তর্জাতিক ম্যাচ খেলতে আর কোনো বাধা থাকবে না কিংসের মাঠে। বসুন্ধরা কিংসের মাঠ নিয়ে এখনই কিছু বলতে চান না সালাউদ্দিন, ‘বসুন্ধরার কিংস অ্যারেনায় এখনই ম্যাচ খেলা সম্ভব নয়; কারণ অনুমোদন পায়নি ভেন্যুটি। ভবিষ্যতে পেলে কী হবে সেটা পরে দেখা যাবে।’ হয়তো দু-এক দিনের মধ্যে ভেন্যু নিয়ে জটিলতা দূর হবে।

অবস্থাদৃষ্টে সিলেটের বিকল্প হিসেবে কোনো ভেন্যু নেই। ১৬ আগস্ট এএফসি কাপের প্লে-অফের প্রিলিমিনারি রাউন্ডে মালদ্বীপের ক্লাব ঈগলসের বিপক্ষে আবাহনী ম্যাচটি খেলবে সিলেটেই। জেলা ক্রীড়া সংস্থার কাছে ২০ থেকে ২২ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সিলেটের মাঠের ফ্লাডলাইটের লাইন কাটা। তাই দিনের আলোতেই খেলতে হবে। সেটা নাকি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তাদের সঙ্গে আলোচনাও হয়েছে। ‘বাংলাদেশের পরের যে ম্যাচগুলো আছে, সেগুলো নিয়ে আমাদের সঙ্গে কথা হয়েছিল। তখন সিলেটে দিনের আলোতে খেলার কথা বলার পর তারা রাজি হয়েছে।’–বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

আরও পড়ুন

×