আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় বসুন্ধরার মাঠ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৪৯ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৪৯
গ্যালারিতে বসানো হয়েছে লাল এবং সাদা রংয়ের চেয়ার। নতুন করে বসানো হয়েছে প্রেসবক্স। সবকিছুতেই নতুনত্বের ছোয়া। নতুন সাজে বসুন্ধরা কিংস অ্যারেনার সাজার বড় উপলক্ষ্য বাংলাদেশ–আফগানিস্তান প্রীতি ম্যাচ। প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে কিংস অ্যারেনায়। রোববারই ঘটবে অপেক্ষার অবসান।
বসুন্ধরার কিংস কর্মকর্তাদের চাওয়া ছিল নিজেদের এএফসি কাপের ম্যাচ দিয়েই আন্তর্জাতিক অভিষেক ঘটবে এই ভেন্যুর। কিন্তু ফিফা এবং এএফসি থেকে অনুমোদন পাওয়ায় জাতীয় দলের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাই হাতে সময় কম থাকায় দ্রুত কাজ শুরু করেন কর্মকর্তারা। শনিবারের মধ্যেই সব কাজ সম্পন্ন হবে।
একদিন পর বাংলাদেশ–আফগান ম্যাচ দিয়েই ইতিহাসের পাতায় লেখা হয়ে যাবে কিংস স্টেডিয়ামের নামটি। সবকিছু মিলিয়ে অন্যরকম ভালা লাগা কাজ করছে বসুন্ধরা কিংস সভাপতি এবং বাফুফে সহ–সভাপতি ইমরুল হাসানের। শুক্রবার সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে জামাল ভূইয়াদের অনুশীলন দেখার পর সংবাদমাধ্যমের সঙ্গে নিজের অনুভূতি এভাবেই প্রকাশ করেন ইমরুল হাসান, ‘যেহেতু আমাদের ভেন্যুতে প্রথমবার আন্তজৃাতিক ম্যাচ হচ্ছে, স্বভাবতই আমরা আনন্দিত। শুরুর সময়কাল থেকে এখনো পর্যন্ত এর পিছনে যারা জড়িত ছিল, আমি সবাইকে কৃতজ্ঞতা জানাতে চাই। আশা করছি সামনের দুটি ম্যাচ আমরা ভালো পারফরম্যান্স করতে পারব।’
নিজের ক্লাবের আগে জাতীয় দলের ম্যাচ হওয়ায় গর্বিত ইমরুল হাসান, ‘এটা স্বাভাবিক। আসলে জাতীয় দল, ক্লাব দলের চেয়েও উর্ধ্বে। সুতরাং বাংলাদেশ দলের খেলার মাধ্যমে কিংস অ্যারেনার অভিষেক হচ্ছে এটা আমাদের জন্য বাড়তি পাওয়া।’
