প্রতিপক্ষ আফগানিস্তান
ঢাকায় ফুটবল, লাহোরে ক্রিকেট
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ দলের অনুশীলন - বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:৩৩
দেশের ক্রীড়ামোদীদের জন্য আজকের দিনটি ভীষণ ব্যস্ততার। কারণ দুই জাতীয় দলই দুটি ভিন্ন প্রান্তে মাঠে নামবে। একদিকে লাহোরে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন সাকিবরা। অন্যদিকে বসুন্ধরার কিংস অ্যারেনায় বিকেল ৫টায় নামবেন জামালরা। ফুটবল ম্যাচটি সরাসরি দেখাবে নিউজ টোয়েন্টিফোর। দুই অঙ্গনেই আবার প্রতিপক্ষ আফগানিস্তান। ক্রিকেট ম্যাচটি বাংলাদেশের জন্য ডু অর ডাই। আর ফুটবলে প্রীতি ম্যাচ। অবশ্য ভেন্যুর জন্য বিশেষ দিন। কারণ এদিন প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ হবে কিংস অ্যারেনায়। আফগানদের বিপক্ষে আজকের ম্যাচ ছাড়া আরেকটি ফুটবল ম্যাচ খেলবে ক্যাবরেরার ছাত্ররা।
গতকাল এ দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন বাংলাদেশ কোচ। যেখানে সুযোগ হয়নি সাফ চ্যাম্পিয়নশিপের দলে থাকা গোলকিপার শহিদুল আলম সোহেলের। বাদ পড়েছেন আবাহনীর ডিফেন্ডার আলমগীর মোল্লা, মোহামেডানের ডিফেন্ডার মেহেদী হাসান ও মুক্তিযোদ্ধার ফরোয়ার্ড আমিনুর রহমান সজীব। তবে তরুণ ফরোয়ার্ড রফিকুল ইসলাম অনূর্ধ্ব-২৩ দলের হয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই খেলবেন বলে তাঁকে রাখা হয়নি। ফিরেছেন বসুন্ধরা কিংসের লেফটব্যাক রিমন হোসেন ও রাইটব্যাক সাদউদ্দিন এবং ফরোয়ার্ড মতিন মিয়া। আর মোহামেডানের ডিফেন্ডার মুরাদ হাসান ও শেখ রাসেলের ফরোয়ার্ড দীপক রায় প্রথমবারের মতো চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন। এই দু’জনের অভিষেকও হতে পারে আজ। এরপর ৭ সেপ্টেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে দ্বিতীয় প্রীতি ম্যাচ।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আশার কথাই শোনান বাংলাদেশ কোচ ক্যাবরেরা, ‘খুবই ভালো ক্যাম্প হয়েছে। আমাদের এগুলোর সঙ্গে মানিয়ে নিতে হয়েছে। খেলোয়াড়দের মানসিকতা এখন খুবই উঁচুতে। ট্রেনিং নিয়ে আমরা খুবই ইতিবাচক এবং আমাদের সামনে দারুণ চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সাফে আমরা যে পারফর্ম করেছি, সেটার ধারাবাহিকতা দেখানোর জন্য উন্মুখ হয়ে আছি।’ এদিকে দলনেতা জামাল বাংলাদেশ ক্রিকেট দলের জন্যও শুভকামনা জানিয়েছেন, ‘একদিনে বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট ম্যাচ। তাদের জন্যও শুভকামনা। আশা করি তারা জিতবে।’
যদিও আজকের ম্যাচটি ৪ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। কিন্তু ১১ সেপ্টেম্বর ফিলিপাইনের বিপক্ষে ম্যাচ থাকায় ফিফা উইন্ডোর বাইরে খেলার জন্য বাফুফের কাছে আবেদন করে আফগানিস্তান। কারণ ফিফার একটি উইন্ডোতে দুই ম্যাচের বেশি খেলা যায় না। আর বাংলাদেশের বিপক্ষে ৪ ও ৭ সেপ্টেম্বর দুই ম্যাচ খেলে ফেললে ফিলিপাইনের বিপক্ষে ম্যাচটি খেলতে পারত না আফগানরা। শেষ পর্যন্ত বাফুফে রাজি হয়ে ফিফা ও এএফসির অনুমতি নেয়। যে কারণে ম্যাচের দিনক্ষণ এক দিন এগিয়ে আসে।
