ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ক্যাবরেরার চাওয়া বৈচিত্র্যময় দল

ক্যাবরেরার চাওয়া বৈচিত্র্যময় দল
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:৪৫

ম্যাচ শেষ হয়েছিল সন্ধ্যা ৭টায়। রোববার আফগানিস্তানের বিপক্ষে প্রথম প্রীতি ফুটবল ম্যাচ খেলার ১৫ ঘণ্টা না পেরোতেই অনুশীলনে টিম বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় সকাল ১০টায় রিকভারি সেশন করা তপু বর্মণ-বিশ্বনাথ ঘোষদের দেখে মনে হয়নি আগের দিন বড় একটা ম্যাচ খেলেছিলেন। কারও মধ্যেই ছিল না ক্লান্তির ছাপ। 

শক্তিশালী আফগানদের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেও গোল মিসের কারণে জিততে না পারার আক্ষেপ যেমন আছে, তেমনি ধারাবাহিকতা ধরে রাখার স্বস্তিও বাংলাদেশ শিবিরে। হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে গত সাফ চ্যাম্পিয়নশিপ থেকে যেভাবে ধারাবাহিকতা দেখিয়ে চলেছেন আনিসুর রহমান জিকো ও সোহেল রানারা, তা নিকট অতীতে ছিল না। 

এই দলকে বদলে ফেলার নায়ক কোচ ক্যাবরেরাও আরও ধারাবাহিকতা চান ফুটবলারদের কাছ থেকে। ‘আমি চাই না, আমার দল বিল্ডআপ কিংবা ডিরেক্ট টিম হোক। এমন একটা দল হতে চাই, যেখানে বৈচিত্র্য থাকবে। যে দলটা সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে পারবে। তবে আমাদের আরও ধারাবাহিক হতে হবে। সুযোগ তৈরি হচ্ছে, সেটা ভালো দিক। কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে হবে।’

বড় ম্যাচে সুযোগ কাজে না লাগাতে পারার খেসারত দিতে হয়েছিল বেঙ্গালুরু সাফেও। গ্রুপ পর্বে লেবাননের বিপক্ষে গোল হজম করার আগে ফয়সাল আহমেদ ফাহিম ৬০ মিনিটে অবিশ্বাস্য মিস না করলে গল্পটা অন্যরকম হতে পারত। এরপর সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে দ্বিতীয় মিনিটে ফাঁকা পোস্ট পেয়েও শেখ মোরসালিনের সেই মিসটি তো ফুটবল অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত ছিল। বসুন্ধরা কিংসের এ ফুটবলার আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচেও ৫৫ মিনিটে আকাশে বল উড়িয়ে মেরে গোলের সুযোগ নষ্ট করেছিলেন। 

বারবার এমন সুযোগ নষ্টে হতাশ কোচ ক্যাবরেরা, ‘আপনি যখন বড় ম্যাচে খেলতে নামবেন, তখন মাথায় রাখতে হবে সুযোগ এলেই কাজে লাগাব। সেটা তো আসছেই; কিন্তু ছেলেরা পারছে না। এখন না পারলেও আমি বিশ্বাস করি মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ঠিকই পারবে।’ 

অন্য সময় দেখা যেত যারা ম্যাচ খেলেছিলেন, পরদিন তারা হোটেলে রিকভারি সেশন করতেন। এই বাংলাদেশ যে বদলে যাওয়া। একাদশে খেলা ফুটবলাররা মাঠে রিকভারি সেশন করেছেন। ফিটনেস ট্রেনার ইভান রাজলভের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ। তিনি না থাকলেও সহকারী কোচ হাসান আল মামুনের অধীনেই হয়েছে রিকভারি। ৭ সেপ্টেম্বর কিংস অ্যারেনাতে আফগানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে এখন জয়ের স্বপ্ন দেখছেন ফুটবলাররা।

আরও পড়ুন

×