'বার্সায় গেলে বেঞ্চে বসেই কাটবে মার্টিনেজের'
ছবি: মার্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০৬:৩৬ | আপডেট: ২৮ এপ্রিল ২০২০ | ০৬:৪১
আর্জেন্টিনার ইন্টার মিলান স্ট্রাইকার লওতারো মার্টিনেজে চোখ রাখছে বার্সেলোনা। বার বার ইনজুরিতে পড়া সুয়ারেজের ভবিষ্যত বিকল্প হিসেবে কাতালান ক্লাবটি তাকে ক্যাম্প ন্যুতে আনতে চায়। ইন্টার মিলান অবশ্য তার গায়ে ১১১ মিলিয়ন ইউরোর ট্যাগ লাগিয়ে দিয়েছে।
এছাড়া মার্টিনেজকে ইন্টারে রাখতে উৎসাহিত করতে নতুন করে চুক্তির প্রস্তাবও দিয়েছে মিলানের ক্লাবটি। ওদিকে মার্টিনেজ জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসির পাশে খেলতে মুখিয়ে আছেন।
ইন্টার তাই বিকল্প হিসেবে আর্সেনালের স্ট্রাইকার পিয়ারে অবমায়েংয়ের দিকে চোখ রাখছে। তবে ফাবিও ক্যাপেল্লো মনে করছেন মার্টিনেজের বার্সায় যাওয়া ঠিক হবে না। কারণ কাতালান শিবিরে তাকে বেঞ্চে বসে থাকতে হবে।
ইতালির সাবেক ফুটবলার এবং রোমা, মিলান ও জুভেন্টাসের সাবেক কোচ ক্যাপেল্লো বলেন, 'আমি হলে ইন্টার মিলানেই থাকতাম। কারণ বার্সায় গিয়ে মার্টিনেজকে বদলি ফুটবলার হিসেবে মাঠে নামতে হবে।'
তার মতে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ফুটবলের অনেক কিছু ওলট-পালট করে দেবে। ফুটবলের দলবদলের বাজারে বৈপ্লবিক কিছু হয়ে যেতে পারে। অবাক করার মতো অনেক কেনা-বেচা দেখা যেতে পারে। তবে তার মধ্যে দিয়ে ফুটবলের বাজার সামঞ্জস্য খুঁজে পাবো বলে মনে করেন তিনি।
এছাড়া তার ধারণা, করোনায় স্প্যানিশ ক্লাবগুলোর মধ্যে শুধু রিয়াল মাদ্রিদের তেমন বড় ক্ষতি হবে না। বাকি ক্লাবগুলো বড় আর্থিক সংকটের মধ্যে পড়বে। এমনকি বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদেরও বিপাকে পড়তে হবে।
- বিষয় :
- মার্টিনেজ
- বার্সেলোনা
- ইন্টার মিলান
- খেলা