ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

শেষ পর্যন্ত বোলিং করতে চেয়েছিলাম: শামার

শেষ পর্যন্ত বোলিং করতে চেয়েছিলাম: শামার
×

শামার জোসেপের (সামনে) উইকেট উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪ | ১৭:৩৬ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪ | ১৫:৩৯

রূপকথার গল্প লিখেছেন শামার জোসেপ। ১১.৫ ওভার বোলিং করে ৭ উইকেট নিয়েছেন তিনি। তার বোলিং তোপে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। অথচ গোড়ালির ইনজুরিতে টেস্টের চতুর্থ দিন মাঠেই আসার কথা ছিল না ২৪ বছর বয়সী এই ডানহাতি পেসারের। 

বিষয়টি নিয়ে শামার জানিয়েছেন, টিমের চিকিৎসক তার পায়ে কিছু একটা করে দেন। তিনি খেলতে পারবেন এই আত্মবিশ্বাস তো পানই, বরং অস্ট্রেলিয়ার শেষ উইকেট না পড়া পর্যন্ত বোলিং চালিয়ে যাবেন বলে জানান দলের অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েটকে। 

শামার জোসেপ বলেন, ‘সত্যি বলতে সকালে আমি মাঠেই আসিনি। দলের চিকিৎসককে বাহবা দিতে হবে। আমার চোখে তিনি সেরা ডাক্তার। তিনি একটা কারণ দেখিয়ে সকালে মাঠে আসতে বলেছিলেন। যাতে দলের অন্যদের একটু সাপোর্ট হয়। মাঠে আসার পর তিনি আমার পায়ে কিছু একটা করেন। জানি না কী, কিন্তু এটা দারুণ কাজ করেছে।’ 

বল হাতে নেওয়ার পর শামারের সতীর্থরা বলেছিলেন, ‘যাও এবং উইকেট তুলে নাও।’ জবাবে অধিনায়ককে শামারও বলেছিলেন, ‘শেষ উইকেট না পড়া পর্যন্ত আমাকে বোলিং থেকে সরাবে না।’ ওই ঘটনার ব্যাখ্যা দিয়ে তরুণ শামার বলেন, ‘এটা দলের মধ্যে ইতিবাচক কথা-বার্তার অংশ ছিল। আমি ক্লান্ত ছিলাম না, দলের জন্য শেষ পর্যন্ত কাজটা করতে পেরেছি।’ 

১৯৯৭ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। অনুভূতি জানাতে গিয়ে শামার বলেন, ‘মনে হচ্ছে, আমরা সিরিজ জিতে গেছি। যদিও এটা ১-১। সতীর্থদের জন্য খুবই ভালো লাগছে। আমার চোখে পানি চলে আসছে। পাঁচ উইকেট নেওয়ার পরই আমি কেঁদে ফেলেছিলাম। ম্যাচটা জিততে পারায় খুবই খুশি।’

আরও পড়ুন

×