ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

অর্থ দিয়ে ভোলানো যাবে না শামারকে

অর্থ দিয়ে ভোলানো যাবে না শামারকে
×

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪ | ১১:৫৬

ব্রিসবেনের ক্রিকেট আকাশে নতুন এক তারার জন্ম হয়েছে। সেই তারকা নিয়ে ক্রিকেট দুনিয়ায় উন্মাদনা চলছে। গ্যাবায় ৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ধসিয়ে দেওয়া শামার জোসেফকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। স্টিভ ওয়াহ তাঁকে টেস্ট ক্রিকেটের ‘ত্রাণকর্তা’ হিসেবে দেখছেন। এই রোমান্টিক ভাবনার হাত ধরে একটি শঙ্কাও কিন্তু চলে আসে। 

ক্রিকেটের শুদ্ধতম সংস্করণে কতদিন তাঁকে ধরে রাখা যাবে? ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগের রঙিন দুনিয়া, মাল্টি মিলিয়ন ডলারের হাতছানি থেকে তাঁকে কী রক্ষা করা যাবে? গতকালই পিএসএলের দল পেশোয়ার জালমি ঘোষণা দিয়েছে এই মৌসুমে শামারের সঙ্গে চুক্তি হয়েছে তাদের।

শামার যদিও বদ্ধপরিকর। অর্থের লোভ দেখিয়ে তাঁকে নাকি টেস্ট ক্রিকেট থেকে দূরে সরিয়ে রাখা যাবে না। উইন্ডিজের হয়ে টেস্ট খেলতে সদা প্রস্তুত থাকবেন তিনি। শামার ক্যারিবীয় বলেই শঙ্কাটা বেশি। সেখানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য জাতীয় দল থেকে মুখ ফিরিয়ে নেওয়া কিংবা কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার নজির বেশ পুরোনো। এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণে দিনে দিনে উইন্ডিজ জাতীয় দলের ক্ষয়িষ্ণু অবস্থা। 

সুনীল নারিন, আন্দ্রে রাসেলরা ক্যারিয়ারের মধ্যগগনে থাকার সময় জাতীয় দলে খেলেননি। সম্প্রতি বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করেননি নিকোলাস পুরান, কাইল মায়ার্সের মতো প্রতিভারা। গ্যাবায় শামার জোসেফ যে গতি ও দক্ষতা দেখিয়েছেন, তাঁকে নিয়েও টানাটানি পড়ে যাবে ফ্র্যাঞ্চাইজিদের মাঝে। 

তবে অর্থের লোভে তাঁকে ফেলা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শামার, ‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট খেলতে সব সময়ই আমি প্রস্তুত থাকব। সরাসরি এটা বলতে আমার কোনো ভয় নেই। এ রকম সময় আসতে পারে, যখন টি২০ আসবে এবং টেস্ট ক্রিকেটও থাকবে... আমি সব সময় ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট খেলতে তৈরি থাকব, যত টাকার হাতছানিই আসুক না কেন আমার সামনে। টেস্ট ক্রিকেটেই আমি সবচেয়ে বেশি আনন্দ পাই।’ গ্যাবায় জয়ের পর সংবাদ সম্মেলনে আশা জাগানিয়া এ কথাগুলো বলেন শামার।

আরও পড়ুন

×