লিগ শুরু করতে বিসিবির তাড়াহুড়ো নেই
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১০ মে ২০২০ | ১২:০০ | আপডেট: ১১ মে ২০২০ | ০৩:৩৩
ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে করোনা-উত্তর ক্রিকেট মাঠে ফেরানোর দাবিটা প্রথমে ক্রিকেটারদের পক্ষ থেকেই উঠেছে। জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম, তামিম ইকবালরা চান লিগ দিয়ে খেলায় ফিরতে। ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বিষয়টি বিসিবিকে লিখিতভাবে জানায় গতকাল। কোয়াব সাধারণ সম্পাদক দেবব্রত পাল জানান, ঈদের পর ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করার জন্য সিসিডিএমকে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানান, বিসিবিও চায় করোনাভাইরাস-উত্তর প্রিমিয়ার লিগ দিয়ে ক্রিকেট মাঠে ফেরাতে। তবে খেলা শুরু করতে হবে দেশের পরিবর্তিত পরিস্থিতির ওপর। ঈদের পর লিগ শুরু করা সম্ভব নয় বলে মনে করেন তিনি।
শনিবার কোয়াবের সভায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রোববার সিসিডিএম চেয়ারম্যানের ই-মেইলে চিঠি পাঠায় সংগঠনটি। তবে ঈদের পর মাঠে খেলা ফেরানোর মতো পরিস্থিতি দেশে তৈরি হয়েছে কিনা জানতে চাওয়া হলে কোয়াব সাধারণ সম্পাদক বলেন, 'দেশে যদি খারাপ অবস্থা না হয় তাহলে স্বাস্থ্যবিধি মেনে খেলা শুরু করতে পারে। সবকিছুই পরিস্থিতির ওপর নির্ভর করবে। আমরা নিশ্চয়ই খেলোয়াড়দের ক্ষতি হোক সেটা চাইব না। বাস্তবতা বুঝেই সিদ্ধান্তগুলো নিতে হবে।'
কোয়াবের দাবির পরিপ্রেক্ষিতে সিসিডিএম চেয়ারম্যান বলেন, 'কোয়াব একটা চিঠি দিয়েছে প্রিমিয়ার লিগ দিয়ে যেন খেলা শুরু করা হয়। সেটা আমরা আগেও বলেছি, এটা আমাদের কাছে সর্বাধিক গুরুত্ব পাবে। তবে কভিড-১৯ পরিস্থিতি একটা ভালো জায়গায় এলে আমরা সিদ্ধান্ত নিতে পারব। আমরা কীভাবে সেটা শুরু করতে পারব এবং কীভাবে শুরু করব। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কোনো সাজেশন দিলে সেগুলো দেখতে হবে। অন্য বোর্ডরা কী করছে সেটাও দেখতে হবে। লিগ শুরুর আগে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করতে হবে। খেলোয়াড়, কোচেস, ম্যানেজমেন্ট, গ্রাউন্ডস স্টাফ, ম্যাচ রেফারি, আম্পায়ার, নিরাপত্তাকর্মী প্রত্যেকের স্বাস্থ্যগত পরীক্ষা করাতে হবে। সেটা না করা পর্যন্ত আমরা কোনো ঝুঁকি নিতে পারি না। কিন্তু সেটা কোন প্রক্রিয়ায় করা হবে, তা নিয়ে আমারা কাজ করছি।'
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা করে খেলা মাঠে ফেরাতে সদস্য দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে আইসিসি। সংস্থাটির মেডিকেল বিভাগ একটি কার্যকর 'প্রটোকল' বা নিদেশিকা তৈরি করছে বলে জানান বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী। মাঠে খেলা ফেরানোর প্রক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'কখন কীভাবে খেলা ফেরানো যাবে, এ সম্পর্কে আইসিসি হয়তো সদস্য দেশের মধ্যে একটা নির্দেশনা দেবে। তবে খেলা শুরুর বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে সদস্য দেশের সরকারি নির্দেশনার ওপর। এখানে আইসিসির কিছু করার নেই। আমরা যেটা করব, আইসিসির প্রটোকল পেলে যেসব দেশ কভিড-১৯ পরিস্থিতিতে আমাদের চেয়ে ভালো অবস্থায় আছে, তারা খেলাধুলা আগে শুরু করবে।
তারা কীভাবে শুরু করছে, এর ইতিবাচক-নেতিবাচক দিকগুলো গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করে সেখান থেকে ভালোটা নেওয়ার চেষ্টা করা হবে।' মে মাসের মধ্যে কভিড-১৯ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা গেলে ঈদের পর পরই খেলা শুরু করা সম্ভব নয় বলে মনে করেন বিসিবির মেডিকেল বিভাগ। খেলোয়াড় এবং খেলা-সংশ্নিষ্ট সবার স্বাস্থ্য পরীক্ষা করতে সময়ের প্রয়োজন। এ ছাড়া ক্রিকেটারদের ফিটনেস এবং আবাসন নিয়েও ভাবতে হবে বোর্ডকে।