বিশপের দশক সেরা দলে সাকিব, নেই ইংল্যান্ডের কেউ
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২০ | ০২:২০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
দশক সেরা ক্রিকেট একাদশ বেছে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ইয়ান বিশপ। তার দলে জায়গা পেয়েছেন ভারতের তিনজন। আছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কেউ জায়গা পাননি তার দলে। নেই ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানেরও কেউ।
রোহিত শর্মা: ওপেনার হিসেব ইয়ান বিশপ তার দশক সেরা দলে রেখেছেন মিডল অর্ডার থেকে বিধ্বংসী ওপেনার হয়ে ওঠা রোহিত শর্মাকে। ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ ইনিংস তার দখলে। এছাড়া রেকর্ড তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন তিনি।
ডেভিড ওয়ার্নার: রোহিতের সঙ্গী হিসেব বিশপ বেছে নিয়েছেন ডেভিড ওয়ার্নারকে। গত দুই বিশ্বকাপে ওপেনার হিসেবে রোহিতের মতো সফল ছিলেন ওয়ার্নার। তিনিও বিধ্বংসী ব্যাটসম্যান। এছাড়া বিশপ ডানহাতি-বাঁহাতি সমন্বয়ও করেছেন।
বিরাট কোহলি: বিশপকে তার দশক সেরা একাদশের জন্য তিনে বিরাট কোহলিকে বেছে নিতে সম্ভবত বেগ পেতে হয়নি। এই এক দশকে মেশিনের মতো রান করেছেন বিরাট। নিজের নামের পাশে লিখিয়েছেন ৪৩টি ওয়ানডে সেঞ্চুরি।
এবি ডি ভিলিয়ার্স: চারে ৩৬০ ডিগ্রী খ্যাত ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে বেছে নিয়েছেন ইয়ান বিশপ। পঞ্চাশের বেশি ওয়ানডে গড়। মাঠের সব দিকে শট খেলতে পারা তাকে এক্ষেত্রে এগিয়ে রেখেছে।
রস টেইলর: পাঁচের জন্য বিশপের পছন্দ রস টেইলরকে। দলের প্রয়োজনে তিনি যেমন দ্রুত রান তুলতে পারেন। তেমনি দল চাপে পড়লে তা সামাল দেওয়ার জুড়ি নেই। এরই মধ্যে রস টেইলর নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান হয়ে উঠেছেন।
সাকিব আল হাসান: অলরাউন্ডার হিসেবে বিশপ তার দলে রেখেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে। ব্যাটে ৬ হাজার ৩২৩ রান, বল হাতে ২৬০ উইকেট। ইংল্যান্ড বিশ্বকাপে তিনি দুর্দান্ত খেলেছেন। বিশপ তাই সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকায় চলে যাওয়া সাকিবকে দশক সেরা একাদশে রেখেছেন।
এমএস ধোনি: বিশপের দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। উইকেটরক্ষক ব্যাটসম্যান এবং দলের ফিনিশার তিনি। এই দশকে ভারতকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি জিতিয়েছেন ধোনি।
মিশেল স্টার্ক: বিশপ তার দলে তিন পেসার রেখেছেন। দলে একমাত্র বাঁহাতি পেসার হিসেবে জায়গা পেয়েছেন মিশেল স্টার্ক। নতুন বলের পেসার তিনি। শুরুতে গতির সঙ্গে সুইং, স্লগে স্টার্কের দুর্দান্ত ইয়ার্কার তাকে অনন্য করে তুলেছে।
ডেল স্টেইন: দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন আছেন বিশপের দলের পেসার হিসেবে। দুইশ’র কাছে ওয়ানডে উইকেট তার। গতি সুইংয়ে স্টাকের জুড়ি তিনিই।
লাসিথ মালিঙ্গা: বিশপের দশক সেরা ওয়ানডে দলের তৃতীয় পেসার লাসিথ মালিঙ্গা। স্লগে যিনি এই দশকের সেরা বোলার। স্লিং অ্যাকশনের জন্য তো বটেই মালিঙ্গা উইকেটের দিক থেকেও স্টার্ক-স্টেইনের চেয়ে এগিয়ে।
রশিদ খান: বিশেষজ্ঞ স্পিনার হিসেবে ইয়ান বিশপ লেগস্পিনার বেছে নিয়েছেন। বেছে নিয়েছেন আফগানিস্তানের রশিদ খানকে। ব্যাটসম্যানদের গুগলি-ফ্লিপার-ফ্লাইট-টপ স্পিন সব অস্ত্র দিয়েই বিভ্রান্ত করতে পারেন তিনি।