স্পেনের বিপক্ষে একাদশে জায়গা মিলবে ডকুর?
বেলজিয়ামের তারকা ফরোয়ার্ড ডকু। ছবি: রয়টার্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ২২:১০
প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে বেলজিয়ামের বিশ্বকাপ ক্যাম্প ত্যাগ করেছিলেন জিরেমি ডকু। বিশ্বকাপ ত্যাগ করায় অনেকে ডকুর সমালোচনা করেছিলেন। তবে দেশটির ফুটবল ফেডারেশন, কোচ ও সতীর্থরা তরুণ এই লেফট উইঙ্গারের পাশে ছিলেন।
লন্ডনে প্রথম সন্তানের কপালে চুমু এঁকে ম্যানসিটি তারকা জাতীয় দলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিয়েছেন ডকু। তবে কোচের আস্থা হারিয়েছেন, শুরুর একাদশে জায়গাও হারিয়েছেন। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে রেড ডেলিভসদের শুরুর একাদশে জায়গা পাননি তিনি। স্পেনের বিপক্ষে রাত ১টায় সেমিফাইনালের লড়াইয়ে নামছে বেলজিয়াম। ওই ম্যাচেও রুডি গার্সিয়ার শুরুর একাদশে অনিশ্চিত ডকু।
ডকু বিশ্বকাপে বেলজিয়ামের গ্রুপ পর্বে ইরানের বিপক্ষে ম্যাচটি মিস করেছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুরুর একাদশে জায়গা পেলেও ক্লান্তির কারণে কোচ তাকে ম্যাচের বয়স একঘণ্টা না হতেই তুলে নিয়েছিলেন। সেনেগালের বিপক্ষেও ডকুকে ক্লান্ত মনে হওয়ায় কোচ দ্বিতীয়ার্ধে তুলে নেন।
এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে শুরুর একাদশে জায়গা হারান ডকু। সব মিলিয়ে বেলজিয়ামের পাঁচ ম্যাচের তিনটিতে শুরুর একাদশে ছিলেন ড্রিবলিংয়ে দারুণ দক্ষ এই ফরোয়ার্ড। স্পেনের রক্ষণ ভাঙতে ডকু বেলজিয়ামের বড় অস্ত্র হতে পারেন। তবে কোচ এই ম্যাচেও তাকে বেঞ্চে রাখতে পারেন।
সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে ফরোয়ার্ডে কোচ রুডি গার্সিয়া লিওনার্দো ত্রোজার্ড ও ডোকি লুকেবাকিও’তে ভরসা রেখেছিলেন। স্পেনের বিপক্ষেও শুরুতে খেলতে পারেন তারা। শুরুর একাদশে জায়গা হারানো নিয়ে ডকু বলেন, আমি ম্যাচে যে সুযোগগুলো নষ্ট করেছি, গোল করতে পারলে অবশ্যই শুরুর একাদশে থাকতাম। দেশটির ফুটবল বিশ্লেষক মার্ক ডিগ্রিসির মতে, টুর্নামেন্টে ডকুর এখনো আলো ছড়ানোর সুযোগ রয়েছে।
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬