ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

‘অঙ্গীকার নিয়ে প্রশ্ন তুললে কষ্ট লাগে’

‘অঙ্গীকার নিয়ে প্রশ্ন তুললে কষ্ট লাগে’
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২০ | ০৩:১২ | আপডেট: ০২ জুন ২০২০ | ০৪:২৩

ইনজুরি থেকে উঠে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে ভালো ক্রিকেট উপহার দিয়েছেন পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। ইংল্যান্ড বিশ্বকাপে ইনজুরি নিয়েই খেলেছেন তিনি। খুব একটা খারাপ করেননি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনজুরির কারণে খেলতে না পারায় প্রশ্ন ওঠে সাইফউদ্দিনের নিবেদন নিয়ে। ভয়ে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলেননি বলে প্রশ্ন ওঠে।

এ নিয়ে ক্রীড়াবিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে সাইফউদ্দিন বলেন, ‘খুব কষ্ট লাগে যখন কেউ বলে ভয়ে আমি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি খেলিনি। সংবাদ মাধ্যমে এমন খবর দেখে আমি হতাশা হয়ে রুমে বসে ছিলাম। পরে মিরাজ এসে আমারে সমর্থন দেয়।’

তিনি জানান, বিশ্বকাপে পুর্নবাসনের মধ্যে ছিলেন। এর মধ্যেই খেলেছেন বিশ্বকাপ। তারপরও নিবেদেন নিয়ে প্রশ্ন তুললে, খুব কষ্ট লাগে তার। আর তার যদি ভয় লাগতো তাহলে ২০১৭ সালে ডেভিড মিলারের কাছে পাঁচ ছক্কা খাওয়ার পরে বিশ্বকাপের শুরুর ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতেন না তিনি।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সফরের ত্রিদেশীয় সিরিজে কোমরের ব্যথা বেড়ে যাওয়া নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘একদিন রুবেল ভাইয়ের রুমে গিয়ে দেখলাম উনি মেঝেতে ঘুমাচ্ছেন। বিশ্বকাপসহ লম্বা সফর কোমরের ব্যথা বাড়তে পারে বলে উনি ওই পদ্ধতি গ্রহণ করেন। আমিও আয়ারল্যান্ডের ঠান্ডায় মেঝেতে ঘুমাতেই পরদিন সকালে ব্যথা বেড়ে যায়। ফিজিও শুনে ঠিক হয়ে যাবে বলেন।

আয়ারল্যান্ডে প্রথম দুটি ম্যাচ খেলতেই ব্যথা আরও বেড়ে যায়। তৃতীয় ম্যাচ খেলিনি আমি। চতুর্থ ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। ফাইনালে সাকিব ভাই গ্রোন ইনজুরির কারণে বিশ্রাম নেন। আমি ভাবলাম, ফাইনাল না খেললে লোকে কী বলবে। ফাইনালের পরে ইনজুরি বেড়ে যাওয়ায় কোচ ও ফিজিওকে জানালাম। কোচ স্টিভ রোডস বললেন, তুমি বিশ্বকাপে আমার গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তোমাকে আমি দলে চাই।’

সাইফউদ্দিন জানান, বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে তিনি প্রস্তুতি ম্যাচ খেলেছেন। বিশ্বকাপে গিয়ে ২ লাখ টাকা দামের ইনজেকশন নিয়ে খেলেছেন। প্রথম ম্যাচে তেমন ব্যথা অনুভূত হয়নি পরে আবার ব্যথা বেড়েছে। ওই ব্যথা নিয়েই ইচ্ছা শক্তি দিয়ে খেলে গেছেন তিনি। কিন্তু আফগানিস্তান ম্যাচের পর ৪-৫ ঘণ্টার বাস জার্নির পরে ব্যথাটা অসহ্যভাবে বেড়ে যায় তার। যে কারণে খেলতে পারেনি অজিদের বিপক্ষে ম্যাচ।

বিশ্বকাপের পরে বিশ্রাম নিয়ে এখন ভালো আছেন বলে জানান সাইফউদ্দিন। তার এখন কোন ব্যথা নেই। নতুন ফিজিও জুলিয়ান ক্যালিফাতোর পরমর্শে, অস্ত্রপচারও করতে হয়নি তার। এছাড়া ইনজুরি মুক্ত হয়ে খেলতে পারার পিছনে তার ফিটনেস বাড়ানো ভূমিকা রেখেছে বলেও মনে করেন বাংলাদেশের এই পেস অলরাউন্ডার। এভাবে খেলা সম্ভব হলে, ব্যাটে-বলে দেশকে ভালো পারফরম্যান্স দেওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

আরও পড়ুন

×