রেকর্ড গড়েও হারলেন সালমারা
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ০৮:৪৭
পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামে সোমবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে জয় লক্ষ্য ধরে নেমেছিল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। পাকিস্তানের দেওয়া ১৬৮ রানের বড় লক্ষ্য তাড়া করার চ্যালেঞ্জ নেয় নারী দল। কিন্তু শেষ পর্যন্ত হারে ১৫ রানে। এর আগে দ্বিতীয় টি-২০ ম্যাচে ১৪ রানে হেরেছিল মেয়েরা।
এক ম্যাচ হাতে রেখেই সালমারা ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে পাকিস্তান নারী দলের কাছে। দুই ম্যাচেই অবশ্য দারুণ লড়েছেন তারা। ক্রিকেটে পাকিস্তানের মেয়েদের সঙ্গে অতীত রেকর্ডটা খুব একটা ভালো নয় বাংলাদেশের। গত বছর ঘরের মাঠে পাকিস্তানের কাছে সিরিজ হারে মেয়েরা। এবারও হলো না তার ব্যতিক্রম।
শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তান মাত্র ৩ উইকেটে হারিয়ে তোলে ১৬৭ রান। বাংলাদেশের নারীদের জন্য এত লম্বা পথ পাড়ি দেওয়ার নজির নেই। জিততে হলে তাই রেকর্ড গড়তে হতো বাংলাদেশের। জিতে রেকর্ড গড়তে পারেনি মেয়েরা তবে টি-২০ ক্রিকেটে তুলেছে নিজেদের সর্বোচ্চ ১৫২ রান।
এর আগে গত বছর ডাবলিনে আয়ারল্যান্ডের সঙ্গে ১৫১ রান করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওটাই ছিল এতদিন নারী দলের সর্বোচ্চ রান। পাকিস্তানের হয়ে এ ম্যাচে সর্বোচ্চ ৭০ রান করেন অধিনায়ক বিসমাহ মারুফ। ৫০ বলে ৯ চার ও ১ ছয়ে দারুণ ওই ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান আসে ওপেনার জারিয়া খানের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন জাহানারা আলম।
জবাব দিতে নেমে ২৫ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে নারী দল। চতুর্থ উইকেটে সানজিদা ইসলাম ও নিগার সুলতানা ৫৭ রান যোগ করেন। সানজিদা ৪৫ রানে ফিরে যান। শেষ দিকে ফারজানা হক ও লতা-জাহানারার ব্যাটিং দৃঢ়তায় রেকর্ড রান তোলে বাংলাদেশ। পাকিস্তানের হয়ে তিন উইকেট নেন সাদিয়া ইকবাল।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- বাংলাদেশ নারী দল