পরিস্থিতি বুঝে শ্রীলঙ্কা যেতে রাজি মুমিনুলরা
ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০০:৪২
শ্রীলঙ্কা সফর করা নিয়ে এক সপ্তাহ আগেও ক্রিকেটারদের যে মনোভাবের কথা শোনা গেছে রোববার রাতে উঠে এসেছে ভিন্ন চিত্র। স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা নিশ্চিত হলে শ্রীলঙ্কা সফর করতে রাজি ক্রিকেটারদের একটা বড় অংশ। জাতীয় দল ও প্রথম শ্রেণির ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) খেলোয়াড়দের সিদ্ধান্তের কথা লিখিতভাবে জানাবে কোয়াব।
বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী ক্রিকেটারদের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। জুলাই মাসের শেষের দিকে তিন টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা বাংলাদেশ দলের। কভিড-১৯ সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। যদিও শ্রীলঙ্কার কভিড পরিস্থিতি ভালো। এরপরও সফর নিয়ে সিনিয়র ক্রিকেটারদের আপত্তি ছিল। রোববার কোয়াবের সভায় মুশফিক, মুমিনুল, মাহমুদুল্লাহরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিসিবির ওপর দায়িত্ব ছেড়ে দেন।
এ বিষয়ে বিসিবি সিইওর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, 'অতীতের মতো ভবিষ্যতেও খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের (কোয়াব) সুপারিশগুলো আমরা গুরুত্বসহকারে নিচ্ছি। বোর্ডে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।' বিসিবির প্রধান নির্বাহী আরও বলেন, 'খেলোয়াড়রা যে একদম যেতে চায় না, তা নয়। খেলোয়াড়রা বোর্ডকেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিচ্ছে। এর পরও যেহেতু দ্বিমত আছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কভাবে বিবেচনা করতে হবে।'
শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুতির ওপর জোর দেন সিইও। তিনি বলেন, 'গুরুত্বপূর্ণ হচ্ছে খেলোয়াড়দের প্রস্তুত করা। এ বিষয়ে আমরা খুবই সতর্ক। দেশের সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে ইতিবাচক চিন্তা করব। আমি ব্যক্তিগতভাবে মনে করি ক্রিকেট শুরু করতে চাইলে শ্রীলঙ্কা সফর একটা সুযোগ।' তার মতে, 'খেলোয়াড়দের দিক থেকে একটা কথা এসেছে, ওখানে গিয়ে অসুস্থ হলে কী হবে? এই বাস্তবতা মেনেই এগোতে হবে। এটাকেই স্বাভাবিক জীবন ধরতে হবে। কারণ আমরা জানি না, কখন আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারব। করোনাভাইরাস আছে চিন্তা করলে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে না। ওখানে চিকিৎসা ব্যবস্থা ও নিরাপত্তা কেমন সেগুলো দেখার পর সার্বিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।'
মুশফিক, মাহমুদুল্লাহ, মুমিনুল, শান্ত, মোসাদ্দেক সৈকত, আফিফ, নাঈম শেখ, ইমরুল, রাজ্জাক, তুষার, জহুরুল, এনামুল জুনিয়র, শাহরিয়ার নাফীস, সোহানের অংশগ্রহণে কোয়াব সভাপতি নাঈমুর রহমান দুর্জয় ও সহসভাপতি খালেদ মাহমুদ সুজন সভা পরিচালনা করেন। কোয়াব জানায়, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ও অন্য বিষয়ে দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।