ইংল্যান্ডের বিপক্ষে কখনো ম্যাচই খেলেননি মেসি
একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে মেসির কান্না। ছবি: ইয়াহু স্পোর্টস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ২১:০১
দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার লিওনেল মেসির। হাঙ্গেরির বিপক্ষে অভিষেক ম্যাচ খেলেছিলেন সোনালি লম্বা চুলের তরুণ এক মেসি। এবারের বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষেও খেললেন ক্যারিয়ারের পড়ন্ত বেলায় পা দেওয়া মেসি। মধ্যে আরও অন্তত ৪০টা দেশের বিপক্ষে ম্যাচ খেলেছেন সর্বজয়ী ফুটবলার লিও।
২০৫ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ার লিওনেল মেসির। অথচ দীর্ঘ এই ক্যারিয়ারে কখনো ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেননি এই তারকা। ২০২৬ বিশ্বকাপ মেসির সামনে ওই মঞ্চ প্রস্তুত করেছে। বিশ্বকাপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। সব ঠিক থাকলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার খেলতে নামবেন মেসি।
বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সুইসদের বিপক্ষে জিতে বিশ্বকাপের সেমিতে যাওয়া আলবিসেলেস্তে তারকা, 'আমি অনেক দলের বিপক্ষেই খেলেছি। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে কখনো খেলা হয়নি। এটা আমার জন্য বিশেষ ম্যাচ। তারা অনেক বড় দল, পাওয়ারহাউজ এবং এমন দলের বিপক্ষে খেলা সবসময়ই আনন্দের।'
ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা শেষবার ম্যাচ খেলেছে ২০০৫ সালের নভেম্বরে। প্রীতি ওই ম্যাচের আগে অবশ্য আন্তর্জাতিক অভিষেক হয়েছে মেসির। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি তার। সর্বশেষ ওই দেখায় ৩-২ গোলে হেরেছিল আকাশি-সাদা জার্সির দল।
দুই দল মোট ৬বার মুখোমুখি হয়েছে। পাঁচবারই বিশ্বকাপে। ১৯৬২ বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ড ৩-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল। পরের আসর অর্থাৎ ১৯৬৬'র বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়ে আলবিসেলেস্তেরা হেরেছিল ১-০ গোলে। ১৯৮৬'র বিশ্বকাপে আর্জেন্টিনা ২-১ গোলে জিতে সেমিফাইনালে পা রেখেছিল। পরে চ্যাম্পিয়নও হয়েছিল। তবে ম্যারাডোনার 'হ্যান্ড অব গডের' কারণে ম্যাচটি বিশ্বকাপ ইতিহাসের কলঙ্ক নামে পরিচিত।
এরপর ১৯৯৮ বিশ্বকাপে শেষ ষোলোয় দুই দল ২-২ গোলে সমতা করেছিল। তবে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে গিয়েছিল টাইব্রেকারে জিতে। ২০০২ বিশ্বকাপে গ্রুপ পর্বে ইংল্যান্ড ১-০ গোলের জয় তুলে নিয়েছিল। সব মিলিয়ে ইংলিশদের বিপক্ষে ছয় ম্যাচে আর্জেন্টিনার জয় মাত্র একটি।
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬