ইরফান নয় দুর্ঘটনার শিকার আফসার
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২০ | ০৩:৫৪ | আপডেট: ২২ জুন ২০২০ | ০৪:০৭
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে, পাকিস্তানের দীর্ঘদেহি পেসার মোহাম্মদ ইরফান মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তিনি মারা গেছেন এমন গুঞ্জনও ছড়িয়েছে। মোহাম্মদ ইরফান যে বেঁচে আছেন সেটা তাই স্বশরীরে প্রমাণ দিয়ে গেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে গেছেন তিনি দুর্ঘটনায়ও পড়েননি, মারাও যাননি।
তবে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন আফগানিস্তানের ২৬ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান আফসার জাজাই। শনিবারের ওই দুর্ঘটনায় মাথায় বেশ আঘাত পেয়েছেন তিনি। ক্ষতিগ্রস্ত হয়েছে তার ব্যক্তিগত গাড়িও। আফসার জাজাইয়ের দুর্ঘটনার খবরটি টুইটারে নিশ্চিত করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম মোহামেদ। আফসারের মাথায় ব্যান্ডেজ বাধা ছবিও দিয়েছেন তিনি।
আফসার জাজাই সর্বশেষ ইংল্যান্ড বিশ্বকাপে আফগানিস্তানের দলে ছিলেন। মোহাম্মদ শাহজাদকে বাদ দিয়ে তাকে দলে নেওয়া হয়। ছয়টি ম্যাচও খেলেন তিনি। এছাড়া আফগানিস্তানের হয়ে এ পর্যন্ত ১৭ ওয়ানডে খেলেছেন তিনি। ২০১৩ সালে ওয়ানডে অভিষেক হলেও আফসার আফগান উইকেটরক্ষকদের ভিড়ে নিজের জায়গা পাকা করতে পারেননি।
তাকে মোহাম্মদ শেহজাদ, রহমানুল্লাহ গুরবাজ, ইকরাম আলী খিল ও শফিকুল্লাহদের সঙ্গে লড়াই করতে হয়। তবে ভারতের বিপক্ষে আফগানদের ঐতিহাসিক অভিষেক টেস্টের দলে ছিলেন আফসার। তিনি তিন টেস্ট দলে জায়গা পেয়েছেন। উইকেটরক্ষক হিসেবে তিনি ধোনিকে অনুসরণ করেন।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- আফসার জাজাই
- আফগানিস্তান
- সড়ক দুর্ঘটনা