ভারতকে যেবার ব্যাটিং শিখিয়েছিলেন উইকস
ছবি: টুইটার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২০ | ০৬:৩৯
ক্রিকেট বিশ্বকে ওয়েস্ট ইন্ডিজ শাসন করেছে প্রায় তিন দশকের মতো। ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজকে তখন ভয় পেতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দল। ১৯৪৮-৪৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ ভারত সফরে এসেছিল। ভারত স্বাধীন হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের প্রথম সফর। ওই সফরে ভারতকে ব্যাটিং কিভাবে করতে হয় দেখিয়েছিলেন 'থ্রি ডব্লিউজের' অন্যতম স্যার এভারটন উইকস।
বুধবার রাতে তিনি ৯৫ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। কিন্তু ওই ভারত সফরে করা তার রেকর্ড টিকে আছে এখনও। আধুনিক সময়ের ক্রিকেটারদের মধ্যে রাহুল দ্রাবিড় টানা চার সেঞ্চুরি করে একবার কাছাকাছি গিয়েছিলেন। আর কেউ অত ধারেকাছেও যেতে পারেননি।
ওই সফরে পাঁচ টেস্টের সিরিজ খেলতে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। তার আগ পর্যন্ত ১৫ টেস্ট খেলে ১০টিতে হারের স্বাদ পেয়েছে ভারত। ওই সিরিজের আগে ইংল্যান্ডের বিপক্ষে কিংসটনে ১৪১ রানের ইনিংস খেলে আসেন উইকস। ভারতে এসে দিল্লি টেস্টে তিনি খেলেন ১২৮ রানের ইনিংস।
এরপর মুম্বাই টেস্টে তার ব্যাট থেকে বেরোয় ১৯৪ রানের অসাধারণ এক ইনিংস। ইডেন গার্ডেনসে গিয়ে আরও ভয়ঙ্কার হয়ে ওঠেন তিনি। দুই ইনিংসেই সেঞ্চুরি করেন। প্রথম ইনিংসে ১৬২, দ্বিতীয় ইনিংসে করেন ১০২ রান। টানা পাঁচ সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। তার রেকর্ডটা আরও বড় হতে পারতো। কিন্তু মাদ্রাস টেস্টে প্রথম ইনিংসে তিনি ৯০ রানে আউট হয়ে যান।