ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সাউদাম্পটনে লিড নিল ক্যারিবীয়রা

সাউদাম্পটনে লিড নিল ক্যারিবীয়রা
×

মার্ক উডের বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন ক্যারিবীয় ওপেনার ব্রাথওয়েট। কিন্তু ইংলিশ অধিনায়ক স্টোকসের হাতের ফাঁক গলে বেরিয়ে যায় ক্যাচটি-এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২০ | ১২:০০ | আপডেট: ১০ জুলাই ২০২০ | ১৬:০৪

সাউদাম্পটনে নামার আগে ম্যানচেস্টারে নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওই ম্যাচ দুটিতে একটি ওভারের জন্যও বল হাতে তুলে নেননি জেসন হোল্ডার। ক্যারিবীয় অধিনায়ক তখন শতভাগ ফিট ছিলেন না। ফিট হয়ে নামলেন সাউদাম্পটনে, তবে বল হাতে নিলেন চতুর্থ বোলার হিসেবে। প্রায় প্রস্তুতিহীন আর নতুন বলে বোলিং না করা হোল্ডারই শেষ পর্যন্ত দলের বোলিং আক্রমণের অগ্রনায়ক।

তার ক্যারিয়ারসেরা ৬ উইকেটের সুবাদে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ ২০৪ রানে। স্বাগতিকদের তুলনামূলক স্বল্প রানে গুটিয়ে দেওয়ার পর গতকাল ব্যাট হাতেও মাঠ শাসন করেছেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা। গতকাল তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই বেন স্টোকসদের সংগ্রহকে টপকে যান হোল্ডাররা। শেষ বেলায় অলআউট হয়ে গেলেও ততক্ষণে দলের স্কোর বোর্ডে জমা পড়ে ৩১৮ রান। অতিথিদের চেয়ে প্রথম ইনিংসে ১১৪ রানে পিছিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসের ব্যটিংয়ে নেমে দিন শেষে বিনা উইকেটে ১৫ রান তুলেছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের উঠানে ক্যারিবীয়দের এই এগিয়ে যাওয়ার মূলে ছিল টপ অর্ডার ও লেট অর্ডারের অবদান। ওপেনিংয়ে নামা ক্রেইগ বার্থওয়েট ও সাত নম্বরে নামা শেন ডরিচ করেছেন ফিফটি। এ ছাড়া পাঁচ নম্বরে নামা রোস্টন চেজ ৪৭ ও চার নম্বরে নামা সামারহ ব্রুকস ৩৯ রানের আরও দুটি কার্যকর ইনিংস খেলেন। গতকাল সকালে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৫৭ রান নিয়ে খেলতে নেমে ক্যারিবীয়রা দলীয় সংগ্রহ শতরানের ঘর পার করে দ্বিতীয় উইকেট জুটিতে।

ডম বেজের অফস্পিনে স্টোকসের ক্যাচ হয়ে ফেরেন শাই হোপ, করেন ১৬ রান। দলীয় ১৪১ রানের মাথায় ফেরেন বার্থওয়েটও। স্টোকসের বলে এলবির শিকার হওয়ার আগে ১২৫ বলে করে যান ৬৫ রান। চতুর্থ উইকেটে রোস্টন চেজকে সঙ্গে নিয়ে ফিফটির সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন ব্রুকসও। তবে একপর্যায়ে জিমি অ্যান্ডারসনের সুইংয়ে ক্যাচ দিতে বাধ্য হন উইকেটের পেছনে। তার ইনিংসটি ছিল ৩৯ রানের। ব্রুকসের পরপর ফিরে যান জার্মেইন ব্ল্যাকউইডও। অ্যান্ডারসনের ক্যাচ বানিয়ে তাকে ফেরান বেজ। সফরকারীরা স্বাগতিকদের ২০৪ রানের মাইলফলক পার হয় চেজ ও শেন ডরিচের ষষ্ঠ উইকেট জুটিতে।

এই জুটিতে তোলা ৮১ রানই মূলত উইন্ডিজকে বড় লিডের পথ করে দেয়। দলীয় ২৬৭ রানের মাথায় ৪৭ রান করে অ্যান্ডারসনের এলবি হন রোস্টন চেজ। ৬১ রান করা ডরিচ স্টোকসের বলে বাটলারের ক্যাচ হন ৩১৩ রানের মাথায়। শেষের দিকে আঘাত হানে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন ভারপ্রাপ্ত অধিনায়ক স্টোকস। ৬২ রানে ৩ উইকেট শিকার অ্যান্ডারসনের। শেষ বেলায় দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে ১০ ওভার ব্যাট করে স্বাগতিকরা। ররি বার্নস আর ডম সিবলি মিলে সময়টা নির্বিঘ্নে পার করেন।

আরও পড়ুন

×