ম্যানসিটির ঘরে আবারও জয়ের হাসি টটেনহ্যামের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫ | ২০:১৯
গত মৌসুমে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছিল টটেনহ্যাম। এবারের মৌসুমেও সেই দৃশ্যের পুনরাবৃত্তি হলো। প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে সিটিজেনদের মাঠেই ২-০ ব্যবধানে জয় তুলে নিল স্পার্সরা। দুই গোলই এসেছে প্রথমার্ধে।
দুই ম্যাচে ৫ গোল করে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন টটেনহ্যাম। আর দ্বিতীয় ম্যাচেই হারের স্বাদ পাওয়া সিটির সংগ্রহ ৩ পয়েন্ট।
২৮ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল স্বাগতিকদের। আর্লিং হল্যান্ডের বাড়ানো থ্রু থেকে বক্সে বল পান মারমুশ। কিন্তু তার শট ঠেকিয়ে দেন টটেনহ্যামের গোলরক্ষক ভিকারিও। ৩৫ মিনিটে পাল্টা আক্রমণে লিড নেয় স্পার্সরা। রিচার্লিসনের পাস থেকে ব্রেনান জনসন বল পাঠান জালে। প্রথমে অফসাইড মনে হলেও ভিএআর পর্যালোচনায় গোলের সিদ্ধান্ত দেন রেফারি।
৩৯ মিনিটে দারুণ সেভ করেন সিটির গোলকিপার জেমস ট্রাফোর্ড। তবে যোগ করা সময়ে ভুল করে বসেন তিনিই। সতীর্থের বাড়ানো বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সেটি কাড়িয়ে নেন জোয়াও পালিনহা। জালে পাঠাতে ভুল করেননি বায়ার্ন থেকে ধারে খেলা পর্তুগিজ এই মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে সিটি। টটেনহ্যামও সুযোগ খুঁজেছে ব্যবধান বাড়ানোর। তবে শেষ পর্যন্ত প্রথমার্ধের দুই গোলেই জয় নিশ্চিত করে নর্থ লন্ডন ক্লাবটি।
