পিএসএলের জন্য পিছিয়েছে ২০২৩ বিশ্বকাপ!
ছবি: সংগৃহিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২০ | ০২:০৩
চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ হচ্ছে না। আইসিসি করোনা প্রাদুর্ভাবের কারণে স্থগিত করেছে আসরটি। এতে করে ২০২১, ২০২২ ও ২০২৩ সালে হবে টানা তিনটি বিশ্বকাপ। এর মধ্যে প্রথম দুটি টি-২০ বিশ্বকাপ। ২০২৩ সালে ভারতে বসবে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ।
পূর্বের সূচি অনুযায়ী, ২০২৩ বিশ্বকাপ ভারতে ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা ছিল। কিন্তু আইসিসি সেটাকে সরিয়ে নিয়েছে অক্টোবর-নভেম্বরে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানির অনুরোধে আইসিসি ২০২৩ বিশ্বকাপ পিছিয়ে নিয়েছে। পাকিস্তানকে পিএসএল আয়োজনের সুযোগ করে দিয়েছে।
ওই সময়টা মাঠে গড়ায় পিএসএল। টানা তিন বছর তিনটি বিশ্বকাপ হলেও এখন তাই পাকিস্তানের পিএসএল আয়োজন করতে সমস্যা নেই। এছাড়া ফেব্রুয়ারি-মার্চে রাখা হয়নি গুরুত্বপূর্ণ অন্য কোন সিরিজও। পিসিবি তাই ভালো বিজ্ঞাপন স্বত্ত্ব পাবে বলেও আশা করছে।
দি নিউজ পাকিস্তানকে পিসিবির একটি সূত্র জানিয়েছে, এহসান মানি আইসিসির অন্য বোর্ড মেম্বারদের বুঝাতে সক্ষম হয়েছেন যে, আন্তর্জাতিক সূচির বাইরে পিএসএরের জন্য একটা উইন্ডো ফাঁকা থাকা চায়। সেজন্য ফেব্রুয়ারি-মার্চকে ফাঁকা রাখা হয়েছে।’
অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ বাতিল হয়ে যাওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের কারসাজি বলে অভিযোগ রয়েছে। পাকিস্তানের সাবেক অনেক ক্রিকেটারই এমন অভিযোগ করেছেন। সর্বশেষ পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার ও বাসিত আলী এমন অভিযোগ তুলেছেন। তাদের মতে, বিশ্বকাপ গোল্লায় যাক, আইপিএল হওয়া চাই। আবার বিশ্বকাপ বাতিল করে ভারতের আইপিএল আয়োজনকে ডাকাতি বলেছেন কেউ কেউ।