যে চার ফুটবলারকে ছেড়ে দেবে রিয়াল
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২০ | ০৪:০১
করোনা প্রাদুর্ভাবে আর্থিকভাবে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত ক্লাব রিয়াল মাদ্রিদ। করোনা পরবর্তী মৌসুমের জন্য রিয়ালের দামী ফুটবলার কিনতে হচ্ছে না। এটাও তাদের আর্থিক কাঠামো শক্ত রাখছে। তারপরও করোনায় রিয়ালের ক্ষতি হয়েছে প্রায় ২০০ মিলিয়ন ইউরো। যেটা চার-পাঁচজন ফুটবলার বিক্রি করে তুলে নিতে চায় লস ব্লাঙ্কোসরা।
রিয়ালের বিক্রির তালিকায় শুরুতে আছেন জেমস রদ্রিগেজ। ব্লাঙ্কোস কোচ জিদান কলম্বিয়ার এই তারকা ফুটবলারকে দলেই রাখেন না। তার জন্য ইন্টার মিলান, এসি মিলান, বেনফিকা, ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহ প্রকাশ করেছে। দামও ধরা-ছোঁয়ার মধ্যে। মাত্র ২৫ মিলিয়ন ইউরো। কিন্তু সংকট হয়েছে অন্য জায়গায়। রিয়াল তাকে প্রতি মৌসুমে বেতন দেয় ৮ মিলিয়ন ইউরো। যা ম্যানইউ ছাড়া অন্যদের জন্য দেওয়া কঠিন।
ওই বেতনের কারণেই বেঞ্চে বসে থাকা রিয়াল মাদ্রিদের ওয়েলস তারকা গ্যারেথ বেলের প্রতি আগ্রহ দেখাচ্ছে না ইউরোপের বড় কোন ক্লাব। বছরে ১৭ মিলিয়ন ইউরো বেতন পান তিনি। রিয়াল তাকেও ছেড়ে দেওয়ার পথ খুঁজছে। কিন্তু ২০২২ সালের আগে ক্লাব ছাড়তে রাজি নন বেল। ৩১ বছর বয়সী তারকা বেঞ্চে বসেই বেতন নেওয়া শ্রেয় মনে করছেন।
বেনজেমার উত্তরসূরী হিসেবে লুকা জোভিককে এনেছিলেন রিয়াল কোচ জিদান। কিন্তু জিদানের একমাত্র ফ্লপ পছন্দ জোভিক। দু'বার করে করোনা সুরক্ষা নীতিও ভেঙেছেন তিনি। রিয়াল জোভিককে তাই ছেড়ে দিতে চায়। ইতালির কিছু ক্লাব তার প্রতি আগ্রহী। এছাড়া রিয়ালের বিক্রির তালিকায় আছেন স্পেনের স্ট্রাইকার মারিয়ানো দিয়াজ। রিয়াল তাকে লম্বা দৌড়ের ঘোড়া মনে করছে না।
ফুটবলার ছেড়ে দেওয়ার তালিকায় রিয়ালের আরও বেশ কিছু ফুটবলার আছেন। তবে রিয়াল তাদের ক্লাব ছাড়ার জন্য জোরাজুরি করছে না। যেমন মার্সেলোকে রিয়াল এখনও তাদের পরিকল্পনা থেকে বাদ দেয়নি। লুকাস ভাসকেস ইচ্ছা করলে ক্লাব ছাড়তে পারেন। রিয়াল তাকে ক্লাব ছাড়তে জোর করছে না। একই কথা প্রযোজ্য লুকা মডরিচ ও ন্যাচো ফার্নান্দেজের ক্ষেত্রেও। আবার রিয়ালের হাতে দানি কারভাহাল, আলভারো অদ্রিওজলা, অস্কার রদ্রিগেজ, জেসুস ভালেজো, বোরজা মায়োরাল, আলবার্টো সরো এবং জর্জ ডি ফ্রুটোসের মতো ফুটবলারের জন্য প্রস্তাব দিচ্ছে অনেক ক্লাব। কিন্তু রিয়াল তাদের ছাড়বে না।