মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ কেমন হবে
আর্জেন্টিনার অনুশীলনে থিয়াগো আলমাদা। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ২২:০৯
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে আর্জেন্টিনা। বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় ইকুয়েডরের মুখোমুখি হবে কাতার বিশ্বকাপ জয়ীরা। বিশ্বকাপ বাছাইয়ের শেষ এই ম্যাচে খেলবেন না লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলের জয়ের পরই বিষয়টি তিনি জানিয়ে দেন।
মেসির জায়গায় ইকুয়েডরের বিপক্ষে শুরুর একাদশে ফিরতে পারেন ইন্টার মিলানের স্ট্রাইকার লওতারো মার্টিনেজ। তাকে লেফট উইঙ্গে দিয়ে স্ট্রাইকার পজিশনে খেলানো হতে পারে অ্যাতলেটিকোর হুলিয়ান আলভারেজকে।
রাইট উইঙ্গে গত ম্যাচে খেলেছিলেন রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুনো। ইকুয়েডর ম্যাচে শুরুতে তাকে বেঞ্চে দেখা যেতে পারে। জুভেন্টাসের নিকো গঞ্জালেস নিতে পারেন তার জায়গা। এছাড়া রক্ষণে এক অবধারিত পরিবর্তন আনতে হবে আর্জেন্টিনার বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জয়ী কোচ লিওনেল স্কালোনির।
কার্ড জটিলতার কারণে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে খেলতে পারবেন না ক্রিস্টিয়ান রোমেরো। তার জায়গায় মার্সেইয়ে খেলা ২৬ বছর বয়সী ডিফেন্ডার লিওনার্দো বালের্ডিকে দেখা যেতে পারে শুরুর একাদশে। ডি পল, লিয়ান্দ্রো পারদেস ও থিয়াগো আলমাদাকে নিয়ে কোচ সাজাতে পারেন মিডফিল্ড। আলমাদা পেতে পারেন আর্জেন্টিনার আইকনিক ১০ নম্বর জার্সি।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমি মার্টিনেজ (গোলরক্ষক, অ্যাস্টন ভিলা), নাহুয়েল মলিনা (ডিফেন্ডার, আর্জেন্টিনা), লিওনার্দো বালের্ডি (ডিফেন্ডার, মার্সেই), নিকোলাস ওতামেন্ডি (ডিফেন্ডার, বেনফিকা), নিকোলাস ত্যাগফিয়াফিকো (ডিফেন্ডার, লিঁও), ডি পল (মিডফিল্ডার, ইন্টার মায়ামি), লিয়ান্দ্রো পারদেস (মিডফিল্ডার, বোকা জুনিয়র্স), থিয়াগো আলমাদা (মিডফিল্ডার, অ্যাতলেটিকো মাদ্রিদ), নিকো গঞ্জালেস (ফরোয়ার্ড, জুভেন্টাস), হুলিয়ান আলভারেজ (ফরোয়ার্ড, অ্যাতলেটিকো), লওতারো মার্টিনেজ (ফরোয়ার্ড, ইন্টার মিলান)।
