‘সবসময় জেতা সম্ভব নয়’- হারের পর স্কালোনি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১৩:৫০
দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে হেরে হতাশায় মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনাকে। তবে এই হারকে ইতিবাচকভাবে দেখছেন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ফুটবলে সবসময় জেতা যায় না, তবে দলের লড়াইয়ের মানসিকতা ইতিবাচক।’
গুয়াইয়াকিলে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই ধাক্কা খায় আর্জেন্টিনা। ৩১ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। এরপর যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ইকুয়েডরকে এগিয়ে নেন এনার ভ্যালেন্সিয়া। আর সেই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
মেসিকে বিশ্রাম দিয়ে শেষ ম্যাচে পাঁচটি পরিবর্তন এনেছিলেন স্কালোনি। কিন্তু পরিকল্পনা সফল হয়নি। এ নিয়ে তিনি বলেন, ‘আমরা জেতায় অভ্যস্ত, তবে কখনো কখনো তা হয় না। দ্বিতীয়ার্ধটা আমাদেরই ছিল, কিন্তু আরও কিছু করা যেত। লাল কার্ডের কারণে খেলাটা এলোমেলো হয়ে গিয়েছিল।’
তিনি আরও যোগ করেন, ‘আমি সবসময় ইতিবাচকভাবে ভাবি। কারণ দল চেষ্টা করে, নিজেদের উপায়ে লড়াই করে। এই দলটা পরিশ্রমী এবং চেষ্টার মধ্যে থাকে। তবে প্রতিপক্ষ ভালো খেললে মাঝে মাঝে কষ্ট পেতেই হয়।’
মেসির অনুপস্থিতি নিয়েও কথা বলেন স্কালোনি, ‘মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছিল কারণ সে ক্লান্ত ছিল এবং চোট সামলাচ্ছিল। ঝুঁকি নেওয়া যায়নি। আশা করি, সে ভালো আছে।’
একই সঙ্গে ইকুয়েডরের প্রশংসাও করেন আর্জেন্টিনা কোচ, ‘যখন প্রতিপক্ষ ভালো খেলে, তখন মানিয়ে নিতে হয়। ইকুয়েডরের কোচ সেবাস্তিয়ান দুর্দান্ত কাজ করেছে, তাকে অভিনন্দন জানাতেই হবে।’
- বিষয় :
- আর্জেন্টিনা
- ইকুয়েডর
- লিওনেল স্কালোনি
