জামালকে কি আজ খেলাবেন ক্যাবরেরা
সংবাদ সম্মেলনে হাভিয়ের কাবরেরা ও জামাল ভূঁইয়া
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫ | ১১:৪৩
বরাবরের মতো বুধবারও ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে জামাল ভূঁইয়া। প্রতিটি ম্যাচের আগে অধিনায়ক হিসেবে ডেনমার্কপ্রবাসী এই মিডফিল্ডারের সংবাদ সম্মেলনে আসাটা অস্বাভাবিক কিছু না।
কিন্তু ম্যাচের আগে কথার ফুলঝুরি ফোটানো জামালকে দেখা যায় না ম্যাচের দিন। গত মার্চে ভারত, জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমের সামনে কথা বলা জামাল দুটি ম্যাচে খেলার সুযোগ পাননি। এশিয়ান কাপ বাছাইপর্বে আজ হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে কি জামালকে দেখা যাবে?
গতকাল বুধবার সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন ছুটে যায় কোচ ক্যাবরেরার দিকে। স্প্যানিশ এই কোচ উত্তরটা দিলেন কৌশলীভাবে, ‘অবশ্যই, জামাল খেলুক বা না খেলুক, সে আমাদের অধিনায়কই থাকবে। এটি অপরিবর্তনীয়।’
জামালের খেলাটা যেমন অনিশ্চিত, তেমনি করে ডিফেন্ডার তপু বর্মণকেও বৃহস্পতিবার শুরুর একাদশে দেখা না যাওয়ার সম্ভাবনাও বেশি। একই সঙ্গে কানাডাপ্রবাসী শমিত সোমের খেলার নিশ্চয়তাও দিতে পারেননি ক্যাবরেরা, ‘তপু উন্নতি করেছে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। শমিত মাত্র একটি অনুশীলন সেশন করেছে। আজ (গতকাল) ও কাল (আজ) সকালে তাকে দেখে সিদ্ধান্ত নেব।’
- বিষয় :
- জামাল ভূঁইয়া
- বাংলাদেশ
- হংকং
