লিড নিয়েও কুয়েতের মাঠে হারল বসুন্ধরা কিংস
ছবি - এএফসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫ | ২২:৪২
এএফসি চ্যালেঞ্জ লিগে হতাশাজনক হার দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। কুয়েতে অনুষ্ঠিত পশ্চিম অঞ্চলের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ওমানের ক্লাব আল শেবের কাছে ৩-২ গোলে হেরেছে মারিও লেমোসের শিষ্যরা। ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রাকিব-রাফায়েলদের।
কুয়েতের জাবের আল-মুবারক আল-হামাদ স্টেডিয়ামে শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে বসুন্ধরা কিংস। ম্যাচের ৭ মিনিটে নাসেরের গোলে এগিয়ে যায় আল শেব। তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে, ৪১তম মিনিটে রাফায়েল আগুয়েস্টোর গোলে সমতায় ফেরে কিংস।
দ্বিতীয়ার্ধের শুরুতে রাকিব হোসেনের গোলে ২-১ ব্যবধানে লিড নেয় বাংলাদেশের চ্যাম্পিয়নরা। ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত এই লিড ধরে রেখে জয়ের স্বপ্নও দেখছিল তারা। কিন্তু এরপরই খেলার মোড় ঘুরে যায়।
জহিরের গোলে সমতায় ফেরে আল শেব। ৭৭তম মিনিটে আব্দুল্লা আজিজের করা গোলটিই শেষ পর্যন্ত দুই দলের ভাগ্য নির্ধারণ করে দেয়। শেষ পর্যন্ত ৩-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় বসুন্ধরা কিংসকে।
- বিষয় :
- বসুন্ধরা কিংস
