ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভারত ম্যাচে বেশি সুযোগ আসবে: জামাল 

ভারত ম্যাচে বেশি সুযোগ আসবে: জামাল 
×

খুদে ভক্তদের সঙ্গে জামাল ভূঁইয়ার ছবি। ছবি: সাজ্জাদ নয়ন

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ | ১৯:৫৩

কোচ হাভিয়ের ক্যাবরেরার বলা অনেক কথার সারাংশই দিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। সোমবার ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জামাল জানান, ভারত সেরা অবস্থানে নেই। যে কারণে নেপাল ম্যাচের চেয়ে গোল করার এবং জয় তুলে নেওয়ার সুযোগ তারা বেশি পাবেন।

তার আগে কোচ ক্যাবরেরা ইনিয়ে-বিনিয়ে বলেছেন অনেক কথা। যেমন- নেপাল লো ব্লকে খেলেছিল। তারা জায়গা দেয়নি। যে কারণে আক্রমণ গড়তে পারেনি বাংলাদেশ। যদিও ম্যাচের প্রথমার্ধের সঙ্গে কোচের কথার মিল পাওয়া কঠিন। নেপাল ছোট পাসে আক্রমণ গড়ে খেলতে চেয়েছে। প্রথমার্ধে গোলটাও তারাই দিয়েছে।

বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ মনে করছেন, ভারত কিছুটা আগ্রাসী খেলবে। গোল করার চেষ্টা করবে। জিততে চাইবে। যে কারণে বাংলাদেশের সুযোগও আসবে। নেপাল ম্যাচ বিশ্লেষণ করে ভারত ম্যাচের পরিকল্পনা সাজানো কোচ জয়ের বিষয়ে আশাবাদী, ‘আমরা যেকোন সময়ের চেয়ে শক্তিশালী এবং খুবই আত্মবিশ্বাসী। জয়ের সুযোগটা নিতে হবে। তিন পয়েন্ট নিতে হবে। তারপর যা বলার বলবো।’

প্রতিবেশি দেশ বাংলাদেশ ও ভারত। বাছাইপর্বের প্রথম লড়াইয়ে ভারতের মাঠে কর্তৃত্ব করে খেলেছে। ঘরের মাঠে ডার্বির আবহ সৃষ্টি হয়েছে। কোচ মনে করেন, আবেগ নিয়ন্ত্রণ খেলতে হবে হামজা-জামালদের, ‘এই ম্যাচের গুরুত্ব আমাদের প্রেরণা দিচ্ছে। কিন্তু আমরা আবেগ নিয়ন্ত্রণ করে যেন জিততে পারি, তা নিয়েই আলোচনা করেছি।’

বাংলাদেশ দল র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে ভালো ফুটবল খেলছে। ভারত কিংবা হংকংয়ের মাঠ থেকে সমতা করে ফেরাও সাফল্য। তবে ম্যাচগুলোতে জয় পাওয়ার সম্ভাবনাও ছিল বাংলাদেশের। কোচ ক্যাবরেরাও মনে করেন, দল যেভাবে খেলছে সেভাবে জয় পাচ্ছে না। ভারতের বিপক্ষে ম্যাচের গতি ঠিকঠাক নিয়ন্ত্রণ করে মুহূর্তগুলো নিজেদের করে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

অন্যদিকে অধিনায়ক জামাল জানান, ভারতের পেশাদার লিগ চালু হচ্ছে না। যে কারণে তারা খেলার মধ্যে নেই। এগুলো বাংলাদেশকে জয় পেতে সহায়তা করবে, ‘ভারত সেরা অবস্থায় নেই। ওদের সুপার লিগ এখনো শুরু হয়নি। আমি মনে করি, এটা আমাদের জন্য ইতিবাচক। যদিও তারা পেশাদার খেলোয়াড়। কঠিন এক ম্যাচ হবে বলেই মনে করছি। কোচ যেটা বলেছেন, নেপালের চেয়ে ভারতের বিপক্ষে বেশি সুযোগ পাবো আমরা।’

আরও পড়ুন

×