ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্লোভাকিয়াকে গোলবন্যায় ভাসিয়ে বিশ্বকাপে জার্মানি, সঙ্গী ডাচরা

স্লোভাকিয়াকে গোলবন্যায় ভাসিয়ে বিশ্বকাপে জার্মানি, সঙ্গী ডাচরা
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫ | ১১:১৩ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ | ১১:২৯

২০২৬ ফিফা বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল ইউরোপের আরও দুই শক্তিশালী দল জার্মানি ও নেদারল্যান্ডস। সোমবার রাতে বাছাইপর্বের ম্যাচে জার্মানি ৬-০ গোলে স্লোভাকিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে। অন্যদিকে, নেদারল্যান্ডসও ৪-০ গোলে লিথুনিয়াকে হারিয়ে দাপটের সঙ্গেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।

লাইপজিগে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে স্লোভাকিয়ার জালে গোল উৎসব করে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের ১৮তম মিনিটে ওল্টেমাডের গোলের পর ২৯ মিনিটে জিন্যাব্রি ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৩৬ ও ৪১ মিনিটে লিরয় সানে জোড়া গোল করলে প্রথমার্ধেই ৪-০ তে এগিয়ে যায় জার্মানরা। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা বাকু এবং অভিষিক্ত ১৯ বছর বয়সী আসান ওউয়েদ্রাগো গোল করে ৬-০ গোলের বিশাল জয় নিশ্চিত করেন।

এই জয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান পাকা করে জার্মানি। ম্যাচ শেষে কোচ ইউলিয়ান নাগলসমান দলের পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমরা অসাধারণ দলীয় স্পিরিট দেখিয়েছি এবং শুরু থেকেই মাঠে নিজেদের সেরাটা ঢেলে খেলেছি।’ ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা স্লোভাকিয়াকে এখন প্লে-অফের মাধ্যমে বিশ্বকাপে যাওয়ার চেষ্টা করতে হবে।

এদিকে, ‘জি’ গ্রুপে নেদারল্যান্ডসও লিথুনিয়ার বিপক্ষে কোনো ভুল করেনি। রেইন্ডার্স, কোডি গাকপো, জাভি সিমন্স এবং ডনিয়েল মালানের গোলে ডাচরা ৪-০ ব্যবধানের সহজ জয় তুলে নেয়। এই জয়ে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করে তারা। একই গ্রুপে রবার্ট লেভান্ডোভস্কির পোল্যান্ড মাল্টাকে ৩-২ গোলে হারিয়ে ১৭ পয়েন্ট নিয়ে প্লে-অফে খেলা নিশ্চিত করেছে।

আরও পড়ুন

×