ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ব্রাজিলের গ্রুপকে ‘কঠিন’ মনে করছেন আনচেলত্তি

ব্রাজিলের গ্রুপকে ‘কঠিন’ মনে করছেন আনচেলত্তি
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫ | ১৮:৪৮

২০২৬ বিশ্বকাপের ড্র সম্পন্ন হয়েছে, আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ঠাঁই হয়েছে ‘সি’ গ্রুপে। আপাতদৃষ্টিতে গ্রুপটি সহজ মনে হলেও স্বস্তিতে নেই সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। কাতার বিশ্বকাপের চমক জাগানো সেমিফাইনালিস্ট মরক্কো এবং ২৮ বছর পর বিশ্বমঞ্চে ফেরা স্কটল্যান্ডকে একই গ্রুপে পেয়ে চ্যালেঞ্জটা বেশ কঠিন বলেই মনে করছেন তিনি।

গ্রুপের আরেক দল হাইতি। ১৯৭৪ সালে সর্বশেষ বিশ্বকাপ খেলা হাইতি সেবার সব ম্যাচেই হেরেছিল। তবে আনচেলত্তির মূল ভাবনার নাম মরক্কো। ব্রাজিলিয়ান টেলিভিশন চ্যানেল স্পোর্টভি-কে দেওয়া সাক্ষাৎকারে অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ বলেন, ‘কাতার বিশ্বকাপে মরক্কো অসাধারণ খেলেছিল। স্কটল্যান্ডও খুবই শক্ত দল, বেশ শক্ত… লড়াইটা যথেষ্ট কঠিন হতে যাচ্ছে।’

ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৩ জুন, সেই মরক্কোর বিপক্ষেই। এরপর ১৯ জুন হাইতি এবং ২৪ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা লড়বে স্কটল্যান্ডের বিপক্ষে। আনচেলত্তির লক্ষ্য পরিষ্কার, ‘আমাদের ভালোভাবে প্রস্তুত হতে হবে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করতে হবে।’

পরিসংখ্যানের পাতায় অবশ্য ব্রাজিলের জন্য সুখস্মৃতিই অপেক্ষা করছে। ১৯৯৮ বিশ্বকাপে গ্রুপপর্বেও স্কটল্যান্ড ও মরক্কোর মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেবার মরক্কোকে ৩-০ এবং স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল তারা। এমনকি ২০০৪ সালে ঐতিহাসিক এক প্রীতি ম্যাচে হাইতিকেও ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার রেকর্ড আছে রোনালদো-রোনালদিনহোদের।

তবে ইতিহাস একপাশে রাখলে বর্তমান ফর্ম কিছুটা ভাবাচ্ছে ব্রাজিলকে। কাতার বিশ্বকাপের পর থেকেই নিজেদের চেনা ছন্দে নেই তারা। গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৪-১ ব্যবধানে হারের ক্ষতও এখনো টাটকা। সব মিলিয়ে ২০২৬ মিশনে আনচেলত্তির দলকে কঠিন পরীক্ষাই দিতে হবে।

আরও পড়ুন

×