আজই কী লিভারপুলে সালাহর শেষ!
লিভারপুল তারকা মোহামেদ সালাহ। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫ | ১২:৪১
অ্যানফিল্ডে আজই কি শেষ হতে যাচ্ছে মোহামেদ সালাহর লিভারপুল অধ্যায়? মিসরীয় তারকা কি বিদায়ী ম্যাচে ব্রাইটনের বিপক্ষে খেলার সুযোগ পাবেন? নাকি ডাগআউটে বসে থেকেই সোনায় মোড়ানো লিভারপুল ক্যারিয়ারের ইতি টানতে হবে তাঁকে?
এসব হতাশা করা প্রশ্ন যখন ফুটবলপ্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে, তখন একটা আশার আলোও দেখা যাচ্ছে। শুক্রবার সালাহর সঙ্গে সামনাসামনি আলাপে বসার কথা কোচ আর্নে স্লটের। সেখানেই নির্ধারিত হওয়ার কথা অ্যানফিল্ডে সালাহর ভবিষ্যৎ।
লিভারপুল কোচ বলেছেন, সালাহ দল ছাড়ুক, এটা তাঁর চাওয়ার কোনো কারণ নেই। ব্রাইটনের বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সালাহর বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন স্লট, ‘আজ (শুক্রবার) সকালেই মো’র (মোহামেদ সালাহ) সঙ্গে আমার আলোচনা হবে। আগামীকাল পরিস্থিতি কেমন হবে, সেটা এই আলোচনার ওপর নির্ভর করবে।’
লিভারপুলে সালাহ থাকছেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন কোনো কারণ নেই যে, আমি চাইব সে না থাকুক।’
এর পরও সালাহকে নিয়ে বারবার প্রশ্ন করা হলে তিনি কিছুটা বিরক্তও হন, তবে সালাহর থাকার ব্যাপারে নিশ্চয়তা দেননি, ‘আমার মনে হয়, পরেরবার আমি যখন মো’র সঙ্গে কথা বলব, সেটা তাঁর সঙ্গেই, এখানে নয়। আপনারা চেষ্টা চালিয়ে যেতে পারেন, কিন্তু এ বিষয়ে আমার আর কিছু বলার নেই।’
গত সপ্তাহে লিডসের বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের পর বিস্ফোরক সাক্ষাৎকারে সালাহ আর্নে স্লটের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, কেউ তাঁকে বলির পাঠা বানাতে চাইছে। সব দায় তাঁর কাঁধে চাপাতে চাইছে। সেদিনই তিনি বলেছিলেন, ১৩ ডিসেম্বর ব্রাইটনের বিপক্ষে ম্যাচে তাঁর মাতা-পিতাকে আসতে বলে দিয়েছেন। সেদিন তাঁকে খেলার সুযোগ দেওয়া না হলেও উপভোগ করার কথা জানিয়েছিলেন সালাহ।
বলেছিলেন, আফ্রিকান নেশন্স কাপ খেলে আসার পর কী ঘটে, তা তিনি বলতে পারছেন না; তাই সেদিন অ্যানফিল্ডে সমর্থকদের কাছ থেকে বিদায় নেবেন। এর দুই দিন পর ইন্টার মিলানের বিপক্ষে সালাহকে খেলানো তো দূরের বিষয়, ইতালিগামী বিমানেই জায়গা দেননি কোচ। এরপর থেকেই সালাহর সৌদি ক্লাবে যাওয়ার গুঞ্জন জোরদার হয়। জানুয়ারির দলবদল উইন্ডোতে সেখানে যোগ দিতে পারেন তিনি।
- বিষয় :
- সালাহ
- লিভারপুল
- প্রিমিয়ার লিগ
