বড়দিনের পর ইংলিশ ফুটবলে উন্মাদনা
প্যাট্রিক ডর্গুর ম্যানইউ’র জার্সিতে প্রথম গোল, সতীর্থদের সঙ্গে উদযাপন। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫ | ১২:৩৭
পুরোনো রীতি ভেঙে এবার বক্সিং ডেতে নীরব ছিল ইংল্যান্ডের ক্লাব ফুটবল। তবে খুব বেশি অপেক্ষা করতে হয়নি ফুটবলপ্রেমীদের। রাতেই মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে জিতেছে রেড ডেলিভসরা। ক্লাবের হয়ে প্রথম গোল করেছেন ডাচ উইং ব্যাক প্যাট্রিক দর্গু।
আজ থেকে আরও সরগরম হচ্ছে প্রিমিয়ার লিগ। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা আর্সেনাল আজ মুখোমুখি হচ্ছে ব্রাইটনের। তাদের আগেই মাঠে নামছে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দলের প্রতিপক্ষ নটিংহাম ফরেস্ট। সবচেয়ে আকর্ষণীয় লড়াইটা হবে স্টাম্পফোর্ড ব্রিজে। সেখানে তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ চার নম্বর দল চেলসি। এ ছাড়া শিরোপাধারী লিভারপুল খেলবে উলভসের বিপক্ষে।
ব্রাইটনের বিপক্ষে মাঠে নামার আগে একটি বিষয় নিয়ে বেশ সতর্ক আর্সেনাল বস মিকেল আর্তেতা। এই ব্রাইটনের বিপক্ষে গত মৌসুমে বিতর্কিত লালকার্ড পেয়েছিলেন ডেক্লান রাইস। সেই ম্যাচে ১ গোলে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত ১০ জন নিয়ে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল।
আজ এমিরেটস স্টেডিয়ামে যেন এমন কিছু না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছেন তিনি, ‘ওই ম্যাচটা আমার খুব ভালো মতো মনে আছে। সেদিন ১০ জনে পরিণত হওয়ার পর হঠাৎ করেই আমরা ছন্দ হারিয়ে ফেলেছিলাম। আশা করছি, এবার তেমন কিছু হবে না।’ চোটের কারণে এমনিতেই খারাপ অবস্থা আর্সেনালের।
এখন যদি কেউ কার্ডের খাঁড়ায় পড়েন, তাহলে নিশ্চিতভাবেই শিরোপা লড়াইয়ে পিছিয়ে যাবে তারা। এর মধ্যে আর্সেনালের জন্য স্বস্তির খবর হচ্ছে, চোট কাটিয়ে আজ মাঠে নামতে পারেন কাই হাভার্টজ। ডান হাঁটুর অস্ত্রোপচারের কারণে এ মৌসুমে এখনও লিগে মাঠে নামা হয়নি জার্মান এ ফরোয়ার্ডের।
শীর্ষে থাকা আর্সেনালে চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে আছে ম্যানসিটি। আজ নটিংহামকে হারাতে পারলে কিছু সময়ের জন্য শীর্ষেও উঠে যেতে পারে গার্দিওলার দল। আর পয়েন্ট হারালে তিনে নেমে যেতে হতে পারে সিটিজেনদের।
কারণ, তাদের পেছনে থাকা অ্যাস্টন ভিলা আছে দুর্দান্ত ফর্মে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দশম জয় পাওয়া ভিলা মাত্র ১ পয়েন্ট পিছিয়ে আছে সিটি থেকে। ভিলার এই সাফল্যের নায়ক ইংলিশ প্লেমেকার মরগান রজার্স। মৌসুমের শুরুতে ছন্দে না থাকলেও সর্বশেষ ১৫ ম্যাচে ১১ গোলে অবদান রেখেছেন। রজার্স গোল করেছেন ৭টি, অ্যাসিস্ট করেছেন ৪টি। তাদের প্রতিপক্ষ চেলসি খুব ভালো ছন্দে নেই। সর্বশেষ ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে ২ গোলে পিছিয়ে পড়েও কোনো রকমে ড্র করেছিল।
- বিষয় :
- প্রিমিয়ার লিগ
- ম্যানচেস্টার ইউনাইটেড
