ম্যানইউ’র কোচ হওয়ার দৌড়ে যারা
ম্যানইউ কোচের তালিকায় মারেস্কা, গ্লাজনাররা।
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬ | ২১:৪৭
ম্যানচেস্টারে টিকতে পারলেন না রুবেন আমোরিম। পর্তুগিজ লিগে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে তার দল। কৌশল আর দলের ওপর নিয়ন্ত্রণ মিলিয়ে পর্তুগিজ কোচের ওপর ভরসা রেখেছিল রেড ডেলিভস বোর্ড। কিন্তু মৌসুমের অর্ধেক যেতেই তিনি বরখাস্ত হলেন।
এখন নতুন কোচ খুঁজতে বাজারে নেমেছে ম্যানইউ। তালিকায় আছে বেশ কিছু নাম। এর মধ্যে অন্যতম ম্যানইউ’র সাবেক খেলোয়াড় ও কোচ ওলে গুনার শুলসার। এছাড়া জিনেদিন জিদান, মাউরিসিও পচেত্তিনো, এনজো মারেস্কা ও জাবি হার্নান্দেজের নাম আছে গুঞ্জনের তালিকায়।
সংবাদ মাধ্যম দি টেলিগ্রাফ জানিয়েছে, ম্যানইউ বোর্ডের প্রথম পছন্দ ক্রিস্টাল প্যালেসের ৫১ বছর বয়সী কোচ অলিভার গ্লাজনার। প্রিমিয়ার লিগে তার কাজে খুশি ক্লাব কর্তারা। তবে তাকে মৌসুম শেষের আগে দলে পাওয়া নিয়ে শঙ্কা আছে।
আলোচনার ওপরের দিকে আছেন ইতালিয়ান কোচ ডি জার্ভি। তিনি বর্তমানে ফ্রান্স ক্লাব মার্সেইয়ের ডাগ আউটে আছেন। পূর্বে ব্রাইটন এন্ড হোব আলবিয়নে দারুণ কাজ করেছেন তিনি। জার্ভি পূর্বে ম্যানইউ-এর কোচ হওয়ার জন্য সাক্ষাৎকার দিয়েছিলেন বলে জানিয়েছে দি টেলিগ্রাফ। গ্লাজনারকে না পেলে জার্ভির দিকে ঝুঁকতে পারে ম্যানইউ কর্তৃপক্ষ।
ম্যানইউ-এর কোচের সংক্ষিপ্ত তালিকায় আছেন স্প্যানিশ কোচ উনাই এমরি। তিনি সেভিয়া ও পিএসজিতে দারুণ কাজ করেছেন। প্যারিসের ক্লাবটিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছিলেন। অ্যাস্টন ভিলার দারুণ তিনটি মৌসুম কাটিয়েছেন তিনি। এমরির সঙ্গে আলোচনায় আছেন ইংল্যান্ড জাতীয় দলের সাবেক কোচ গ্যারেথ সাউথগেট।
এছাড়া নিউক্যাসল ইউনাইটেডের ইংলিশ কোচ এডি হাউ’কে ম্যানইউ-এর দায়িত্ব নেওয়ার জন্যও প্রস্তুত মনে করা হচ্ছে। প্রথম-দ্বিতীয় পছন্দের কাউকে না পেলে হাউকেও প্রস্তাব দিতে পারে ম্যানইউ। বোর্নামাউথের দায়িত্বে থাকা স্প্যানিশ কোচ আন্দোনি ইরাওলাকেও ম্যানইউ বোর্ডের কেউ কেউ পছন্দের তালিকায় রেখেছেন। তাদের কাউকে ভাঙা মৌসুমে পাওয়া না গেলে অন্তবর্তীকালীন কোচ দিয়ে মৌসুমের বাকিটা পার করার সিদ্ধান্ত নিতে পারে ম্যানইউ। সেক্ষেত্রে দায়িত্ব পেতে পারেন ক্লাবটির সাবেক খেলোয়াড় ড্যারেন ফ্লাচার।
- বিষয় :
- ম্যানচেস্টার ইউনাইটেড
- ফুটবল দলবদল
