আমোরিমের বিদায়ে উল্লাস ম্যানইউতে!
খেলোয়াড়দের সঙ্গে ম্যানইউ কোচ। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬ | ২১:৫৩ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ | ২১:৫৩
গুরু রুবেন আমোরিমের আচমকা বরখাস্তের খবরে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা ব্যথিত হননি। অবাক হলেও সত্য, কজন উল্লাস করেছেন। এ ক্ষেত্রে সবার আগে আসবে কোবি মাইনুর নাম। সামাজিক মাধ্যমে ইংলিশ এ মিডফিল্ডার একাধিক পোস্ট করে হাসিঠাট্টার পাশাপাশি উল্লাস করেছেন। ম্যানইউর ৯ জন ফুটবলার আমোরিমের বিদায়ে খুশি হয়েছেন বলে জানিয়েছে ইংলিশ গণমাধ্যম ডেইলি মেইল।
সোমবার সকালে আমোরিমের ছাঁটাইয়ের খবর বের হতেই সামাজিক মাধ্যমে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ, দিয়েগো দালোতসহ কয়েকজন কোচকে বিদায়ী বার্তা দেন। গত ১৪ মাসের জন্য কোচকে ধন্যবাদও জানান তারা। তবে ৯ জন কোচকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দেননি। এদের একজন কোবি মাইনু। তিনি কোচকে শুভকামনা না জানালেও একেবারে চুপ ছিলেন না।
সামাজিক মাধ্যমে কয়েকটি পোস্ট করে আমোরিমের বরখাস্ত হওয়া নিয়ে কৌতুক করেন। ২০ বছর বয়সী এ মিডফিল্ডার ইনস্টাগ্রামে সিরিজ মেমে পোস্ট করেছেন। এর মধ্যে একটির ক্যাপশনে লিখেছেন, ‘১০ মিলিয়ন পাউন্ড পাওয়ার পর আমিও হাসব!’
বরখাস্ত হওয়ার পর চুক্তি অনুযায়ী ১০.০৫ মিলিয়ন পাউন্ড পেয়েছেন আমোরিম। তাঁকে শুভেচ্ছা না জানানোর তালিকায় আরও আছেন তিন গোলরক্ষক আলতাই বায়েনদির, সানে লেমেন্স ও টম হিটন, আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ, ডাচ ডিফেন্ডার টাইরেল মালাসিয়া, মরোক্কান ডিফেন্ডার নওসারি মাজরাউয়ি, ডেনিশ ফরোয়ার্ড চিদো ওবি ও উরুগুইয়ান ফরোয়ার্ড ম্যানুয়েল উগার্তে।
কোবি মাইনুর উল্লাসের পেছনে কারণ রয়েছে। ম্যানইউ একাডেমি গ্র্যাজুয়েট মাইনুকে ধরা হতো ক্লাবের মাঝমাঠের ভবিষ্যৎ। কিন্তু আমোরিম দায়িত্ব নেওয়ার পর এ তারকা একেবারে দৃষ্টির আড়ালে চলে যান। হোল্ডিং মিডফিল্ডার হিসেবে আমোরিমের প্রথম পছন্দ ছিলেন ক্যাসেমিরো ও ব্রুনো ফার্নান্দেজ। মাঝে মধ্যে বদলি হিসেবে শেষ দিকে মাইনু মাঠে নামার সুযোগ পেলেও তেমন কিছু করতে পারতেন না।
এভাবে ডাগ আউটে বসে থাকতে থাকতে ইংল্যান্ড জাতীয় দলেও উপেক্ষিত হতে থাকেন। অথচ তাঁর মূল লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ খেলা। যে কারণে তিনি জানুয়ারিতেই ন্যাপোলিতে যাওয়ার চিন্তা করছিলেন। সাবেক দুই ম্যানইউ সতীর্থ স্কট ম্যানটোমিনে ও রাসমুস হুয়েলুন্দ তাঁকে সেখানে যেতে প্রেরণা দেন।
অবশ্য কোচকে শুভেচ্ছা বার্তা জানানো ব্রুনো ফার্নান্দেজের অবস্থানও নড়েবড়ে হয়ে গিয়েছিল। পর্তুগিজ এ মিডফিল্ডার ছয় মৌসুম ধরে ম্যানইউতে প্লেমেকার হিসেবে খেলছেন। কিন্তু এবার আমোরিম তাঁকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলান। যে কারণ তিনিও ম্যানইউ ছাড়ার কথা ভাবছিলেন। রাইট উইঙ্গার আমাদ দিয়ালোরও একই অবস্থা। তাঁকে রাইটব্যাক বানিয়ে দিয়েছেন আমোরিম। তাই ম্যানইউর খেলোয়াড়দের মধ্যেও তাঁকে নিয়ে চাপা ক্ষোভ ছিল।
