যে ম্যাচে আইপিএলের আমেজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:৩৪
র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার, অথচ এখন পর্যন্ত তিন শূন্যতে বন্দি অভিষেক শর্মারা টি২০ বিশ্বকাপ। তাঁকে ঘিরেই চিন্তিত ভারতীয় সমর্থকরা। ‘আমি তাদের নিয়ে চিন্তিত, যারা অভিষেকের ফর্ম নিয়ে চিন্তিত। আমি সেই দলগুলোর কথা ভাবছি, যাদের বিপক্ষে অভিষেক জ্বলে উঠবে। যখন ও রান করা শুরু করবে, তখন তো আপনারা জানেনই সে কী করতে পারে।’
ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এভাবেই উড়িয়ে দিয়েছেন অভিষেক নিয়ে চলা সাম্প্রতিক সব সমালোচনার ঝড়। সঙ্গে ইঙ্গিত দিয়েছেন অভিষেকের জ্বলে ওঠার। আজই কি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেকের সেই ম্যাচ, যেখানে আহমেদাবাদে প্রায় এক লাখ দর্শকের সামনে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে স্বমহিমায় জ্বলে উঠবেন অভিষেক?
গ্রুপ পর্বে দুটি দলই সব ম্যাচ জিতে এসেছে। সেই সঙ্গে এটা এমন একটি ম্যাচ, যেখানে প্রোটিয়াদের প্রায় সবারই ভারতীয়দের সঙ্গে আইপিএলে মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা আছে। দক্ষিণ আফ্রিকা এই দলের একমাত্র কেশব মহারাজ ছাড়া প্রত্যেকেই আইপিএলের কোনো না কোনো দলে রয়েছেন। বড় স্কোর গড়া কিংবা তা তাড়া করার অভ্যাস তাদের। তাই আজকের ম্যাচটি অনেকটাই ‘আইপিএল ডুয়েল’-এর আদলে মাঠে গড়াবে।
যেখানে শুরুতেই অভিষেক শর্মাকে থামাতে নামবেন তাঁর আইপিএল দল হায়দরাবাদের সতীর্থ এইডেন মার্করাম; মুখোমুখি হবেন মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্যকুমার আর তিলক ভার্মার সঙ্গে ডি কক আর রিকেলটনের। দিল্লির অক্ষর প্যাটেল আর কুলদীপ যাদব হাত ঘোরাবেন তাদের আইপিএল সতীর্থ ডেভিড মিলার আর স্টাবসের বিপক্ষে। গ্রুপ পর্বে আহমেদাবাদের এই মাঠেই আফগানিস্তানের বিপক্ষে ১৮৭ রান তাড়া করতে নেমে দুটি সুপার ওভারে ঘাম ঝরেছিল এনগিডিদের। এই মাঠেই তারা কানাডার বিপক্ষে ২১৩ রান তুলেছিল।
গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিই এই মাঠে খেলেছে প্রোটিয়ারা। তাই নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ সম্পর্কে তাদের আত্মবিশ্বাস তুঙ্গে। এই মাঠে শুরুর দিকে বোলিং করে তাদের পেসার এনগিডি আর রাবাদা উইকেট তুলে নিতে পারছেন। ব্যাটিংয়ে ডি কক, মার্করাম আর ডেভিড মিলার দারুণ ফর্মে আছেন। সেই সঙ্গে স্টাবস আর ব্রেভিসের মতো পাওয়ার হিটার যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। শুধু স্পিনে দুর্বলতা রয়েছে তাদের। মহারাজার সঙ্গে লিন্ডে সেভাবে মিতব্যয়ী স্পেল করতে পারছেন না। ডেথ ওভারেই চাপের মুখে আফগানিস্তানের বিপক্ষে রাবাদাকে বারবার ভেঙে পড়তে দেখা গেছে। আজও চাপ সামলানোর পরীক্ষায় পড়তে হতে পারে প্রোটিয়াদের।
তুলনায় ভারতের দুশ্চিন্তা সেই অভিষেক শর্মা আর তিলক ভার্মাকে নিয়ে। দলের আট ব্যাটারের ছয়জনই বাঁহাতি। তাই আজকের একাদশে তিলকের জায়গায় সঞ্জু স্যামসনের খেলার সম্ভাবনা রয়েছে। এমনিতেই দলের আট নম্বর ব্যাটার পর্যন্ত ভারতের ব্যাটিং গভীরতার কথা সবারই জানা। তবে এবারের আসরে এখন পর্যন্ত বেশ কিছু জায়গায় তাদের দুর্বলতা স্পষ্ট হয়েছে। অফস্পিনারদের বিপক্ষে ভারতীয় ব্যাটারদের স্ট্রাইকরেট মাত্র ১০৩.৯২ এবং এ পর্যন্ত তাদের আট ব্যাটার আউট হয়েছেন এই আসরে অফস্পিনারদের কাছে। ফিল্ডিংয়ে ক্যাচ মিসের দুর্বলতা ফুটে উঠেছে, প্রায় প্রতি ম্যাচেই দু/তিনটি করে ক্যাচ মিস করছেন হার্দিকরা। আর আছে শেষ দিকে দ্রুত রান তুলতে গিয়ে উইকেট পড়ে যাওয়া। যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের বিপক্ষে যে কারণে দুইশ রানের সম্ভাবনা থাকলেও হয়নি। সব মিলিয়ে আজকের ম্যাচটিতে সমানে সমানে টক্কর দিতে যাচ্ছে দুটি দল। আর তা উপভোগ করার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
- বিষয় :
- ভারত
- দক্ষিণ আফ্রিকা
- টি-টোয়েন্টি বিশ্বকাপ
