টটেনহ্যামকে উড়িয়ে শিরোপা লড়াইয়ে এগিয়ে গেল আর্সেনাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:৫৮ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:১২
উত্তর লন্ডনের ডার্বি মানেই বারুদঠাসা উত্তেজনা। তবে এবারের ডার্বিতে টটেনহ্যাম হটস্পারকে পাত্তাই দেয়নি মিকেল আর্তেতার আর্সেনাল। এভারেচি এজে ও ভিক্টর গিওকেরেসের জোড়া গোলে ৪-১ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে গানাররা। এই জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে আবারও ৫ পয়েন্টের লিড পুনরুদ্ধার করল তারা।
টটেনহ্যামের মাঠে ম্যাচের ৩২ মিনিটে বুকায়ো সাকার বানিয়ে দেওয়া বল থেকে আর্সেনালকে এগিয়ে দেন এজে। তবে মাত্র ১২৩ সেকেন্ডের মধ্যেই র্যান্ডাল কোলো মুয়ানির গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।
বিরতির পর আর্সেনাল আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ৪৭ মিনিটে ২০ গজ দূর থেকে বাঁকানো শটে দুর্দান্ত এক গোল করে দলকে ফের এগিয়ে নেন গিওকেরেস। এরপর ৬১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এজে। আর অতিরিক্ত সময়ে গিওকেরেসের দ্বিতীয় গোলে ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয়।
