ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নেইমারহীন বিশ্বকাপ ভাবতেই পারেন না এমবাপ্পে

নেইমারহীন বিশ্বকাপ ভাবতেই পারেন না এমবাপ্পে
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | ১৭:১০ | আপডেট: ২৬ মার্চ ২০২৬ | ১৭:১১

আসন্ন বিশ্বকাপে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের অনুপস্থিতি কল্পনা করাও যেন অসম্ভব কিলিয়ান এমবাপ্পের কাছে। চোট আর ফিটনেস জটিলতায় সেলেসাওদের এই তারকার বিশ্বকাপ ভাগ্য যখন অনিশ্চয়তার সুতোয় ঝুলছে, তখন সাবেক পিএসজি সতীর্থের পাশেই দাঁড়ালেন ফরাসি অধিনায়ক। এমবাপ্পের বিশ্বাস, সব বাধা পেরিয়ে নেইমার ঠিকই বিশ্বমঞ্চে স্বরূপে ফিরবেন।

বোস্টনে আজ মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ফ্রান্স ও ব্রাজিল। প্রীতি ম্যাচ হলেও ফুটবল বিশ্বের নজর এই মহারণের দিকে। তবে ইনজুরির কারণে মাঠের লড়াইয়ে নেই নেইমার। তার অনুপস্থিতি নিয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমবাপ্পে বলেন, ‘নেইমারকে ছাড়া আমি বিশ্বকাপের কথা ভাবতেই পারি না। সে এক অসাধারণ জাদুকর এবং আমার দৃষ্টিতে সর্বকালের সেরাদের একজন।’

বর্তমানে সান্তোসের হয়ে নেইমার ছন্দে ফেরার ইঙ্গিত দিলেও ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়েছেন, শতভাগ ফিটনেস প্রমাণ করলেই মিলবে জাতীয় দলের টিকিট। এ প্রসঙ্গে এমবাপ্পে যোগ করেন, ‘আমি কোচের সিদ্ধান্তকে সম্মান জানাই। তবে নেইমার এমন একজন ফুটবলার যে এক নিমিষেই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। আমি তাকে চিনি, সে ঠিকই লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে ফিরবে।’

রিয়াল মাদ্রিদ সতীর্থ ভিনিসিউস জুনিয়রকে নিয়ে এমবাপ্পে জানান, জাতীয় দলের হয়ে ভিনিকে এখন আরও এক ধাপ এগিয়ে দায়িত্ব নিতে হবে। তবে ‘নেইমার তো নেইমারই’, এমন মন্তব্যে সাবেক সতীর্থের প্রতি নিজের মুগ্ধতা আবারও প্রকাশ করলেন এই ফরাসি ফরোয়ার্ড।

আরও পড়ুন

×