ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রবাসী দর্শকদের প্রেরণায় হামজারা

প্রবাসী দর্শকদের প্রেরণায় হামজারা
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ | ১২:১২

গেটের মুখেই প্রায় পাঁচশ জনের ভিড়। টিম বাস থেকে সেই ভিড় ঠেলে মাঠে যেতেই ঘাম ছুটে যায় হামজা-শমিতদের। আপন খেলোয়াড়দের দেখতে প্রবাসী বাংলাদেশিদের এই প্রবল আগ্রহের কথা হয়তো আন্দাজ করতে পারেনি সিঙ্গাপুর ফুটবল সংস্থা। তাই গেইলাং ট্রেনিং ফিল্ডের সামনে কোনো নিরাপত্তার বেষ্টনী ছিল না গতকাল। ভিড় সামলাতে ঘাম ছুটে যায় স্থানীয় আয়োজকদের। তবে ভিয়েতনামের কাছে হারার পর সিঙ্গাপুরে এসে প্রবাসীদের এই ভালোবাসা কাত করেছে শমিত সোমদের। 

‘ভিয়েতনামের কাছে হারার পর আমাদের কারও কারও মান খারাপ হয়েছিল। তবে এখানে এসে প্রবাসী বাংলাদেশিদের যে আবেগ দেখতে পাচ্ছি, তাতে আমাদের মন ভালো হয়ে গেছে। এখন আমরা প্রস্তুত সিঙ্গাপুরের সামনে নামতে। দর্শকদের এই উন্মাদনা আমাদের প্রেরণা দেয়। বিরক্তি নয়, এটা আমাদের জন্য ভালোবাসা।’ অনুশীলন শেষে ঢাকা থেকে যাওয়া কিছু সাংবাদিকের সঙ্গে এভাবেই ভালো লাগার অনুভূতি শেয়ার করেছেন শমিত সোম।

আজ বাদে কাল সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে এএফসি বাছাই পর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে নামবে বাংলাদেশ। গ্রুপ ‘সি’ থেকে এরই মধ্যে সিঙ্গাপুর পাঁচ ম্যাচের তিনটি জিতে মূল পর্বে জায়গা করে নিয়েছে। দুই ম্যাচ জিতে হংকং রয়েছে দ্বিতীয়তে। এক ম্যাচ জিতে বাংলাদেশ তৃতীয়। ভারত সেখানে তালিকার তলানিতে। যেহেতু এশিয়া কাপের মূল পর্বে যাওয়ার আর সুযোগ নেই হামজাদের সামনে, তাই এই ম্যাচটি জিতে গ্রুপের দ্বিতীয়তে থাকতে চায় বাংলাদেশ। 

‘জানি সিঙ্গাপুর এই গ্রুপের শীর্ষে আছে। তবে আমাদের লক্ষ্য তাদের হারিয়ে অন্তত দুই নম্বরে জায়গা করে নেওয়া। ভিয়েতনাম ম্যাচে আমাদের  কিছু ভুল ছিল, সেগুলো থেকে শিক্ষা নিয়েই সিঙ্গাপুরের বিপক্ষে নামতে চাই।’ ওই ম্যাচের আগে পুরো দল একসঙ্গে দুই দিনের বেশি অনুশীলন করতে পারেনি। হামজা ইংল্যান্ড থেকে এসেই মাঠে নেমে গিয়েছিলেন। তবে শমিত মনে করিয়ে দেন ফুটবলে ম্যাচ জিততে হলে দু্-একজনের দিকে তাকিয়ে থাকলে চলবে না। 

‘দেখুন এই দলে হামজা কিংবা আমি ইনজুরিতে পড়তে পারি, আমরা না-ও খেলতে পারি। কিন্তু তার জন্য থেকে থেমে থাকা যায় না। ফুটবল পুরো দলের সবাই মিলে ভালো খেলে জিততে হয়।’ 

শমিত মনে করিয়ে দিলেন প্রত্যাশার চাপ যেন শুধু দলের কয়েক জনের ওপর না থাকে। তবে তিনি যেটাই বলুন না কেন, সিঙ্গাপুরেও হামজাকে নিয়েই উন্মাদনা চলছে। এদিনও অনুশীলন শেষে তিনি মাঠ থেকে বেরিয়ে আসার সময় হামজার নাম ধরে স্লোগান দিতে থাকেন অনুশীলন দেখতে আসা প্রবাসীরা।

আরও পড়ুন

×