ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দারুণ জয়ে শিরোপার লাগাম সিটির হাতে

দারুণ জয়ে শিরোপার লাগাম সিটির হাতে
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ | ১২:২৬

শেষ মুহূর্তে কাই হাভার্টজের বুলেট গতির হেড সিটির পোস্টে ছোঁয়া দিয়ে বেরিয়ে যেতেই হতাশায় মাটিতে লুটিয়ে পড়েন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। কয়েক সেকেন্ড পর রেফারি শেষ বাঁশি বাজাতেই উদযাপন শুরু করে দেন হালান্ড-চেরকিরা। অলিখিত ফাইনালে রূপ নেওয়া লড়াইয়ে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপার লাগাম নিজেদের হাতে নিয়ে নিয়েছে ম্যানচেস্টার সিটি। আর মৌসুমের অধিকাংশ সময় এগিয়ে থাকা আর্সেনালের শিরোপা পুনরুদ্ধার মিশনে বড় ধাক্কা লাগল।

তবে এখনও পয়েন্ট তালিকায় শীর্ষে আর্সেনাল। ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট গানারদের। ৩২ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে তাদের পেছনে সিটি। হাতে থাকা একটি ম্যাচ জিততে পারলে পেপ গার্দিওলার দলের পয়েন্টও তাদের সমান হয়ে যাবে। তবে মৌসুমের শেষ দিকে এসে আর্সেনাল যেভাবে খেই হারিয়ে ফেলেছে, তাতে করে তাদের পক্ষে বাজি ধরার লোক আর পাওয়া যাবে কিনা সন্দেহ। 

গতকাল ইতিহাদ স্টেডিয়ামে ১৬ মিনিটে একক নৈপুণ্যে দারুণ এক গোল করে সিটিকে এগিয়ে দিয়েছিলেন রায়ান চেরকি। দুই মিনিট পরই গোলরক্ষক দোন্নোরুমার ভুলে সমতা ফিরিয়ে এনেছিলেন হাভার্টজ। এরপর ৬৫ মিনিটে আরেকটি দারুণ গোল করে সিটিকে কাঙ্ক্ষিত জয় এনে দেন আর্লিং হালান্ড।

আরও পড়ুন

×