এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ১২:৩৪
পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের প্রত্যাবর্তনে সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে চলতি মৌসুমে ‘ঘরোয়া ট্রেবল’ জয়ের সম্ভাবনাও টিকিয়ে রাখল পেপ গার্দিওলার দল।
কোয়ার্টার ফাইনালে আর্সেনালকে হারিয়ে সিটির মুখোমুখি হয়েছিল সাউদাম্পটন। রক্ষণভাগ জমাট রেখে পাল্টা আক্রমণে দলটি ম্যাচের ৭৯ মিনিটে লিড নেয়। ফিন আজাজের দূরপাল্লার শটে গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডকে ফাঁকি দিয়ে এগিয়ে যায় দলটি। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি সিটি। গোল হজমের মাত্র তিন মিনিট পর জেরেমি ডকুর শট প্রতিপক্ষ ডিফেন্ডার জেমস ব্রির গায়ে লেগে জালে জড়ালে সমতায় ফেরে আকাশী-নীলরা। এরপর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে সিটিজেনরা।
ম্যাচের ৮৭ মিনিটে ২০ গজ দূর থেকে নিকো গঞ্জালেসের একটি জোরালো শট লক্ষ্যভেদ করলে জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার সিটির। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া সাউদাম্পটনকে হতাশ করে ফাইনালে ওঠার উল্লাসে মাতে গার্দিওলার শিষ্যরা।
চলতি মৌসুমে লিগ কাপের শিরোপা আগেই ঘরে তুলেছে সিটি। প্রিমিয়ার লিগেও আর্সেনালের সঙ্গে শিরোপার হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যাচ্ছে তারা। এফএ কাপের ট্রফিটি জিততে পারলে সিটির সামনে সুযোগ থাকবে ঘরোয়া তিনটি শিরোপাই নিজেদের করে নেওয়ার।
আগামী ১৬ মে ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে নামবে ম্যানচেস্টার সিটি। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে চেলসি ও লিডস ইউনাইটেডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।
- বিষয় :
- ম্যানচেস্টার সিটি
- এফএ কাপ
