ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গেটাফেকে উড়িয়ে লিগ জয়ের পথে বার্সা

গেটাফেকে উড়িয়ে লিগ জয়ের পথে বার্সা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ১২:৫৭

লা লিগার শিরোপা ধরে রাখার খুব কাছে পৌঁছে গেছে বার্সেলোনা। ফারমিন লোপেজ ও মার্কাস রাশফোর্ডের গোলে গেটাফেকে ২-০ ব্যবধানে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে এখন ১১ পয়েন্টে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে অবস্থান করছে কাতালান ক্লাবটি। আগামী সপ্তাহে ওসাসুনাকে হারালে এবং রিয়াল মাদ্রিদ যদি এস্পানিওলের বিপক্ষে পয়েন্ট হারায়, তবে টানা দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা নিশ্চিত হবে বার্সেলোনার।

ইনজুরির কারণে দলে ছিলেন না নিয়মিত দুই তারকা লামিনে ইয়ামাল ও রাফিনহা। তবে তাদের অনুপস্থিতিতেও দাপুটে ফুটবল খেলেছে বার্সা। প্রথমার্ধের শেষ দিকে পেদ্রির পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন ফারমিন লোপেজ। গোল করার পর তিনি ইনজুরিতে থাকা ইয়ামালের ‘৩০৪’ উদযাপনের অনুকরণ করে সতীর্থের প্রতি শ্রদ্ধা জানান।

দ্বিতীয়ার্থে গেটাফে সমতায় ফেরার চেষ্টা করলেও সফল হয়নি। উল্টো ৭৪ মিনিটে রবার্ট লেভান্ডোভস্কির পাস থেকে গোল করে বার্সার জয় নিশ্চিত করেন মার্কাস রাশফোর্ড। দানি ওলমো ও জুলস কুন্দে আরও কিছু সুযোগ পেলেও ব্যবধান আর বাড়েনি। এই জয়ে ট্রফিশূন্য মৌসুম কাটানোর শঙ্কায় পড়ে গেল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, স্পেনের সিংহাসনে বসার অপেক্ষায় এখন কেবল সময়ের ক্ষণ গুনছে বার্সেলোনা।

আরও পড়ুন

×