ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

মিরপুরে সিরিজ জয়ের হাতছানি

মিরপুরে সিরিজ জয়ের হাতছানি
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৬ | ০৯:১৮

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম থেকে বৃষ্টিভেজা হয়েই গতকাল বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন লিটনরা। তবে সঙ্গে এক ‘ফালি রোদ’ও যেন নিয়ে এসেছেন তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে যেভাবে দাপটের সঙ্গে ১৮২ রান তাড়া করে জিতেছেন তাওহীদ হৃদয়রা, তা যেন বাংলাদেশের ড্রেসিংরুম আলো করে দিয়েছে। মিডল অর্ডারে হৃদয়, পারভেজ আর ইমন ত্রয়ীর সাফল্যে আত্মবিশ্বাস এখন তুঙ্গে গোটা দলের। প্রতিপক্ষের যে কোনো রান তাড়া করার এই সাহসটা নিয়েই আজ বাদে কাল শনিবার মিরপুরে সিরিজের তৃতীয় টি২০ ম্যাচে নামছে তারা। ঘরের মাঠে জিম্বাবুয়ের পর নিউজিল্যান্ডের সঙ্গেও এখন টি২০তে সিরিজ জয়ের হাতছানি লিটনদের সামনে। সেটা তাদের সেই চেনা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই, যেখানে মাত্রই কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছেন লিটনরা। ‘স্লো অ্যান্ড লো’ পিচের অপবাদ প্রায় এক বছর আগেই গা থেকে ঝেড়ে ফেলেছে মিরপুর। এখানে সর্বশেষ গত বছরের জুলাইয়ে টি২০ সিরিজও পাকিস্তানের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। তার পরও টি২০ ফরম্যাটের জন্য এই ভেন্যু পছন্দ নয় লিটনদের। যে গেল বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছিল তারা সিলেটে। ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষেও বেছে নিয়েছিল চট্টগ্রামকে। এবারও সিরিজের প্রথম দুটি ম্যাচের সূচি ছিল চট্টগ্রামে। তবে মিরপুরই শেষ পর্যন্ত সিরিজ জয়ের হাতছানি দিচ্ছে ঘরের ছেলেদের।

এই মুহূর্তে যা কিছুটা ভাবনা, তা ওই ওপেনার সাইফ হাসানকে নিয়েই। এশিয়া কাপে দলের অন্যতম সেরা পারফরমারকে যেন কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। গত সাতটি ম্যাচে তাঁর ব্যাট থেকে আসা সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ২৩। এর চেয়েও বড় দুশ্চিন্তা তাঁর স্ট্রাইকরেট নিয়ে। ওপেন করতে নেমেও ১০৫-এর কাছাকাছি স্ট্রাইকরেটে ব্যাটিং করছেন। তাঁকে সরিয়ে এই মুহূর্তে অন্য কাউকে শুরুতে নামানোর ব্যাপারেও সায় নেই অধিনায়কের। কালকের ম্যাচে তাই সাইফের ব্যাটে বিস্ফোরক ইনিংস দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। আরেক ওপেনার তানজিদ তামিমকে নিয়েও কিছুটা কানাঘুষা আছে। টি২০ ম্যাচে ১৬০-এর ওপর রান তাড়া করতে নামলেই নিজেকে হারিয়ে ফেলছেন তানজিদ। রেকর্ড বলে এ পর্যন্ত ১১টি ম্যাচে ১৬০ প্লাস রান তাড়া করতে নেমে তানজিদের গড় ১৩.৯ আর স্ট্রাইকরেট ১১৬.৭৯! যেখানে তাঁর টি২০ ম্যাচের গড় সাতাশের কাছাকাছি আর স্ট্রাইকরেট ১২৭ প্রায়। এই ১১টি ম্যাচের মাত্র তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ। ওয়ান ডাউনে লিটন, চারে তাওহীদ হৃদয়, পাঁচে পারভেজ ইমন আর ছয়ে শামীম হোসেন পাটোয়ারির ব্যাটিং অর্ডার আপাতত একই থাকছে। তবে সাত আর আট নম্বরে শেখ মেহেদী হাসান আর রিশাদ হোসেনের পরীক্ষা এখনও এই সিরিজে দিতে হয়নি। বোলিংয়েও নবাগত রিপন মণ্ডলকে নিয়ে টিম ম্যানেজমেন্টের ভরসা আছে। তাঁর সঙ্গে তানজিম সাকিব আর শরিফুল। কালকের একাদশও প্রথম ম্যাচের মতো থাকারই ইঙ্গিত আছে। তবে চট্টগ্রামে জোর ধাক্কা খাওয়ার পর মিরপুরে ঘুরে দাঁড়াতে চাইছে কিউইরা। প্রেরণা তাদের ওয়ানডে সিরিজে এই মাঠে একটি জয়ের। দলের অভিজ্ঞ স্পিনার ইশ সোধি, পেসার নাথান স্মিথ, ম্যাথু ফিশাররা পিচ থেকে বাড়তি কিছু আশা করতেই পারেন। সেই সঙ্গে তাদের ব্যাটার কেটিনি ক্লার্ক, টিম রবিনসন, ডেন ক্লেভার, নিক কেলিও নিশ্চিতভাবে সিরিজ ড্র করার চেষ্টা করবেন। সব মিলিয়ে কাল দারুণ একটি ম্যাচ উপহার দেওয়ার অপেক্ষায় থাকছে মিরপুর।
 

আরও পড়ুন

×