জ্যোতির মাইলফলকের ম্যাচে সিরিজ হার
সিলেটে গতকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৭ রান করে আউট হয়ে যান জ্যোতি ইউসুফ আলী
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০১ মে ২০২৬ | ০৯:২০
| প্রিন্ট সংস্করণ
দেড়শ ছোঁয়া লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা করেছিল বাংলাদেশের মেয়েরা। পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটে ৪৬ রান তুলে নিয়েছিল তারা। কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার পরই রানের এই গতি ধরে রাখতে পারেনি তারা। শ্রীলঙ্কার ৪ উইকেটে করা ১৫৪ রান তাড়া করতে নেমে কুড়ি ওভারে ৫ উইকেটে ১৩৩ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ নারী দল। ২১ রানে ম্যাচটি জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারী লঙ্কানরা। ওয়ানডে সিরিজের পর টি২০ সিরিজও জিতে নিল তারা। ২ মে একই ভেন্যুতে সিরিজের শেষ টি২০। সিলেটে গতকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে টস করতে নামার সঙ্গে সঙ্গে দারুণ একটি রেকর্ডের মালিক বনে যান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সালমা খাতুনকে পেছনে ফেলে বাংলাদেশকে সবচেয়ে বেশি টি২০ ম্যাচে (৬৬টি) নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। তবে তাঁর এই রেকর্ডটি রাঙাতে পারেনি বাংলাদেশ দল। যদিও রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল চমৎকার। সপ্তম ওভারে ওপেনার দিলারা আক্তারকে হারালেও আরেক প্রান্তে জুয়াইরিয়া ফেরদৌস আক্রমণাত্মকই ছিলেন। অষ্টম ওভারে মিডিয়াম পেসার মালকি মাদারার বিপক্ষে চার-ছয়ে ১৩ রান তুলে নিয়েছিলেন জুয়াইরিয়া। বাংলাদেশ দল ৮ ওভারে ১ উইকেটে ৬১ রান তুলে নিলে মনে হচ্ছিল সহজ জয়ের পথেই বুঝি এগিয়ে যাচ্ছে তারা। কিন্তু নবম ওভারে রানের গতি ধীর হতে শুরু করে। দশম ওভারে ২৩ বলে জুয়াইরিয়া ২৯ রান করে রান আউট হওয়ার পর উইকেট পতনের মিছিলও শুরু হয়। এরপর দ্রুত রান আউট হয়ে যান অধিনায়ক জ্যোতি ও সোবহানা মুস্তারি। পর পর তিন রান আউটে শারমিন আক্তারও হয়ে পড়েন রক্ষণাত্মক। তিনি ৪৭ বলে ৪৪ রানে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি। এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা হার্শিতা সামারাবিক্রমার ২৯ বলে ৪৯ ও চামারি আতাপাত্তুর ৩৭ বলে ৪২ রানের ইনিংসে ২০ ওভারে ৪ উইকেটে ১৫৪ রান করে।
- বিষয় :
- খেলা
