ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ওল্ড ট্র্যাফোর্ডে অন্যরকম এক লড়াই আজ

ওল্ড ট্র্যাফোর্ডে অন্যরকম এক লড়াই আজ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ১৪:৫৮

ইংলিশ ফুটবল ইতিহাসে সবচেয়ে সফল দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। দুই জায়ান্টের কেউই এখন লিগ শিরোপা লড়াইয়ে নেই। তার পরও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে রয়েছে বাড়তি উন্মাদনা। আজ রোববার ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হবে ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল দুই ক্লাব। দুই দলই চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার মিশনে আছে।

আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে পয়েন্ট টেবিলে সেরা পাঁচে থাকতে হবে। ৩৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানইউ। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তাদের পেছনেই আছে লিভারপুল। অ্যাস্টন ভিলাও লিভারপুলের সমান পয়েন্ট সংগ্রহ করেছে। তবে গোল পার্থক্যে পঞ্চম স্থানে আছে তারা। তাই আজকের ম্যাচটি ম্যানইউ ও লিভারপুলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। 

আজ ঘরের মাঠে জিততে পারলে রেড ডেভিলদের তৃতীয় স্থান অনেকটা নিশ্চিত হয়ে যাবে। সে ক্ষেত্রে দৌড়ে কিছুটা পিছিয়ে যাবে লিভারপুল। আর ম্যানইউকে হারাতে পারলে দুই দলের পয়েন্ট সমান হয়ে যাবে। তখন অবশ্য গোল পার্থক্যে ম্যানইউকে টপকে তৃতীয় স্থানে উঠে যাবে লিভারপুল। তবে ষষ্ঠ স্থানে থাকা ব্রাইটন বেশ পিছিয়ে (৩৪ ম্যাচে ৫০ পয়েন্ট) থাকায় তিন দলই চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে আছে।

প্রিমিয়ার লিগে টানা তিন জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে লিভারপুল। তবে অলরেডরা চোট সমস্যায় জর্জরিত। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গত ম্যাচে চার নম্বর গোলরক্ষক নিয়ে খেলতে হয়েছিল তাদের। তবে স্বস্তির খবর হলো তাদের এক নম্বর গোলরক্ষক অ্যালিসন বেকার ফিট হয়ে উঠেছেন। তবে মোহামেদ সালাহ, হুগো একিতিকি, মামারদাশভিলিসহ সাতজন চোটে থাকায় একাদশ গড়তে হিমশিম অবস্থা লিভারপুল কোচ আর্নে স্লটের। 

সেদিক থেকে বেশ স্বস্তিতে আছে ম্যানইউ শিবির। দুই ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ও ডি লিড ছাড়া কারও চোট নেই। নিতম্বের সমস্যায় ভোগা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথুস কুনসা ফিট হয়ে ওঠায় আক্রমণভাগ নিয়ে চিন্তা কমে গেছে রেড ডেভিলদের। অন্তর্বর্তী কোচ মাইকেল ক্যারিকের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে ম্যানইউ। তবে শিরোপা লড়াইয়ে না থাকলেও লিভারপুলের বিপক্ষে ম্যাচটিকে স্পেশাল বলে অভিহিত করেছেন ক্যারিক। তাই ওল্ড ট্র্যাফোর্ডে আজ জমজমাট এক লড়াইয়ের প্রত্যাশা। দুই দলের সর্বশেষ পাঁচ লড়াইয়ে লিভারপুল দুটি ও ম্যানইউ একটি ম্যাচ জিতেছে, অন্য দুটি ড্র হয়েছে।

আরও পড়ুন

×