ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

২০০ পার করে চা বিরতিতে বাংলাদেশ

২০০ পার করে চা বিরতিতে বাংলাদেশ
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬ | ১০:৪১ | আপডেট: ০৮ মে ২০২৬ | ১৬:১২

লাঞ্চ বিরতি থেকে ফেরার পর থেকেই আগ্রাসী ব্যাট করেছেন নাজমুল হোসেন শান্ত। ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি পূর্ণ করতে তিনি খেলেন মাত্র ১২৯ বল। কিন্তু মাইলফলক ছোঁয়ার ঠিক পরের ওভারেই আব্বাসের বলে উইকেট বিলিয়ে দিয়ে আসেন অধিনায়ক। তার ১০০ রানের ইনিংসে ছিল ১২টি চার ও ২টি বিশাল ছক্কা। 

৫৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয়েছে ২০১ রান। এই সেশনে মাত্র ১টি উইকেট হারিয়েছে টাইগাররা। তবে শান্তর উইকেটটি দ্রুত তুলে নিয়ে শেষ বিকেলের লড়াইয়ে ম্যাচে ফেরার রসদ খুঁজে পেয়েছে পাকিস্তান। 

অধিনায়ক ফিরলেও অন্য প্রান্তে অবিচল আছেন মুমিনুল হক। সাবলীল ব্যাটিংয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের আরও একটি হাফ-সেঞ্চুরি। বর্তমানে তিনি ৬৪ রানে অপরাজিত আছেন। শান্তর বিদায়ের পর উইকেটে এসেছেন মুশফিকুর রহিম। চা বিরতির আগে কয়েক মিনিট ব্যাটিং করলেও রানের খাতা খোলার সুযোগ পাননি তিনি।

ছবি- এএফপি

সেঞ্চুরি ছুঁয়েই সাজঘরে শান্ত

ইনিংসের শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে থাকা শান্ত ১২৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। তবে সেঞ্চুরির উদযাপনের রেশ কাটতে না কাটতেই আউট হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। ১২৯ বলের এই ইনিংসে ছিল ১২টি চার ও ২টি ছক্কার মার। তার ব্যাট থেকে আসে ১৩০ বলে ১০১ রানের ইনিংস। এর ফলে তৃতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে শান্তর জুটি ভেঙেছে ১৭০ রানে। শান্তর বিদায়ের পর অভিজ্ঞ মুমিনুল হকের ওপর এখন দলের হাল ধরার বড় দায়িত্ব। ৫৩ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২০১। ৬৪ রানে খেলছেন মুমিনুল। ক্রিজে নতুন ব্যাটার মুশফিকুর রহিম। 

ছবি- এএফপি

শান্তর পর মুমিনুলের হাফ সেঞ্চুরি

শান্তর পর হাফ সেঞ্চুরি করলেন মুমিনুল। তিনি ১০২ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। এতে পাকিস্তানের বিপক্ষে নিজের চতুর্থ টেস্ট হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। ৪২ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৬৪। শান্ত ৭৭ ও মুমিনুল খেলছেন ৫২ রানে।

ছবি- বিসিবি

শান্ত-মুমিনুলের জুটিতে একশ

তৃতীয় উইকেটে ১৪৮ বলে নাজমুল-মুমিনুল ১০৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। তৃতীয় উইকেটে দুই বাঁহাতি ব‍্যাটসম‍্যানের জুটিতে পঞ্চাশ এসেছিল ৭০ বলে। টেস্টে এ নিয়ে দ্বিতীয়বার তাদের জুটিতে এলো একশ। ৩৫ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৩২। ৮১ বলে ৬১ রানে খেলছেন শান্ত। সমান বলে ৩৯ রানে ব‍্যাট করছেন মুমিনুল।

ছবি- এএফপি

লাঞ্চের পর শান্তর ফিফটি

লাঞ্চ বিরতি থেকে ফিরে অর্ধশতক হাঁকিয়েছেন নাজমুল হোসেন শান্ত। হাসান আলীর করা ৩১তম ওভারের শেষ বলে ডিপ স্কয়ার লেগ দিয়ে চার মেরে ৭১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন শান্ত। টেস্ট ক্যারিয়ারের এটি শান্তর ষষ্ঠ হাফ সেঞ্চুরি। তার ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শান্তর সঙ্গে যোগ্য সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ মুমিনুল হক। মুমিনুল ৬৭ বলে ৩১ রান নিয়ে ব্যাটিং করছেন। নাজমুল হোসেন শান্ত ৫১ রানে ক্রিজে আছেন। ৩১ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১১৪। 

২ উইকেটে ১০১ রান নিয়ে লাঞ্চে বাংলাদেশ

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল শঙ্কার। দলীয় ১৮ রানের মাথায় ওপেনার মাহমুদুল হাসান জয় (৮) শাহীন আফ্রিদির শিকার হয়ে ফেরার কিছুক্ষণ পরই সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার সাদমান ইসলাম। দ্রুত ২ উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। তাদের অবিচ্ছিন্ন জুটিতে ২ উইকেটে ১০১ রান নিয়ে প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে বাংলাদেশ।

শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করছেন শান্ত। উইকেটের চারদিকে দর্শনীয় সব শট খেলে পাকিস্তানের বোলারদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন মুমিনুল হক। এরই মধ্যে এই দুই বাঁহাতির জুটি ৫০ রান ছাড়িয়েছে।

২৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০১ রান। অধিনায়ক শান্ত ৫০ বলে ৩৯ রান করে অপরাজিত আছেন। অন্য প্রান্তে ৫৭ বলে ৩১ রান নিয়ে খেলছেন মুমিনুল।

ছবি- এএফপি

এবার ফিরলেন সাদমান

বোলিংয়ে এসে নিজের প্রথম বলেই সাদমান ইসলামকে আউট করেছেন হাসান আলী। সালমান আলী আঘার ক্যাচ হয়ে ফেরার আগে ৩০ বলে ১৩ রান করেছেন বাংলাদেশের এই ওপেনার। ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৬ রান। উইকেটে এসেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্য প্রান্তে আছেন মুমিনুল হক।

ছবি- এএফপি

জীবন পেয়েও ইনিংস বড় করতে পারলেন না জয়

মিরপুর টেস্টের শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। দলীয় ১৮ রানের মাথায় প্রথম উইকেট হারাল টাইগাররা। সপ্তম ওভারে শাহিন আফ্রিদির প্রথম বলে উইকেটকিপার রিজওয়ানকে ক্যাচ দিয়ে ফিরলেন মাহমুদুল হাসান জয়। ১৯ বলে ৮ রান করেছেন তিনি। এর আগে পঞ্চম ওভারে স্লিপে ক্যাচ দিয়েও জীবন পেয়েছিলেন তিনি। ৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৩ রান। উইকেটে এসেছেন মুমিনুল হক। অন্য প্রান্তে সাদমান ইসলাম ৬ রান নিয়ে ব্যাটিং করছেন। 

শুরুতেই ‘জীবন’ পেলেন জয়

শুরু থেকেই সাবধানী ব্যাটিং করছেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তবে ইনিংসের পঞ্চম ওভারেই ফিরতে পারতেন জয়। শাহীন শাহ আফ্রিদির করা অফ স্টাম্পের বাইরের বল জয়ের ব্যাটের বাইরের কানায় লেগে চলে যায় স্লিপে। সেখানে দাঁড়িয়ে থাকা আব্দুল্লাহ শফিক সেটি তালুবন্দি করতে ব্যর্থ হলে বড় বাঁচা বেঁচে যান জয়। ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১৮ রান। ৮ রান নিয়ে উইকেটে আছেন মাহমুদুল হাসান জয়। ৬ রান করে অপরাজিত আছেন সাদমান ইসলাম।

এর আগে টস জিতে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।  মিরপুরের উইকেটে সাধারণত স্পিনারদের দাপট দেখা গেলেও এবার কিছুটা ভিন্ন পথে হেঁটেছে বাংলাদেশ। একাদশে রাখা হয়েছে তিন জন বিশেষজ্ঞ পেসারকে। তাসকিন আহমেদ এবং নাহিদ রানার সঙ্গে একাদশে ফিরেছেন এবাদত হোসেন চৌধুরী। স্পিন বিভাগে অভিজ্ঞ তাইজুল ইসলামের সঙ্গে মেহেদী হাসান মিরাজ থাকছেন মূল ভরসা হিসেবে।

আগের রাতে হাঁটুর চোটে অভিজ্ঞ বাবর আজম ছিটকে যাওয়ায় পাকিস্তান দুই ব্যাটারকে অভিষেক করিয়েছে। অভিষেক হয়েছেন আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের। 

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও এবাদত হোসেন চৌধুরী।

পাকিস্তান একাদশ: আজান আওয়াইস, ইমাম–উল–হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, শাহিন আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস। 

আরও পড়ুন

×