এমবাপ্পের সামনে ইরাক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬ | ০৮:১৫
ফেরেঙ্ক পুসকাস-জোসেফ বোসিক, রেমন্ড কোপা-জাস্ট ফন্তেইন, ইয়োহান ক্রুইফ-ইয়োহান নিস্কেন্স, রোমারিও-বেবেতো– বিশ্বকাপ এমন বেশকিছু কালজয়ী জুটির জন্ম দিয়েছে। এসব জুটির একজনের নামের সঙ্গে আরেকজনের নাম অটোমেটিক চলে আসে। এবারের আসরে ফ্রান্স দলে সম্ভবত তেমনই একটি জুটি গড়ে উঠতে চলেছে। সেনেগালের বিপক্ষে প্রথম ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ও মাইকেল ওলিসের মধ্যে যে বোঝাপড়া ও যোগাযোগ দেখা গেছে, তাতে দারুণ এক জুটি গড়ে ওঠার লক্ষণ দেখা গেছে। আজ আবার এই দুরন্ত জুটির জাদুকরী পারফরম্যান্স দেখার সুযোগ আসছে। এশিয়ার দেশ ইরাকের বিপক্ষে জ্বলে উঠতে পারবেন কী আসরের অন্যতম ফেভারিট দলের এই জুটি?
ফ্রান্সের বিপক্ষে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছিল সেনেগাল। কিন্তু ওলিসের দুর্দান্ত এক পাসেই পশ্চিম আফ্রিকার দেশটির রক্ষণ দেয়াল ভেঙে চুরমার করে দিয়েছিলেন এমবাপ্পে। ওই ম্যাচের পর এমবাপ্পে-ওলিসে জুটির প্রশংসা করে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেছিলেন, ‘দ্বিতীয়ার্ধে আমাদের খেলার অনেক উন্নতি হয়েছে। মাইকেল (ওলিসে) মাঝখানে আসতেই আমাদের খেলার ধার বাড়ে। এটি আমাদের মধ্যে আরও সংহতি এনে দিয়েছে। শুরুতে আমরা কিছুটা ভীত ছিলাম, স্নায়ুচাপেও ভুগছিলাম। বিশ্বকাপের প্রথম ম্যাচে আসলে এমনই হয়। তবে মাইকেল বেশি বেশি বল পেতে থাকলেই আমরা ভালো খেলা শুরু করলাম। আমরা সুযোগ তৈরি করতে শুরু করলাম এবং কিলিয়ান তার দক্ষতা দিয়ে গোল বের করল।’ দেশমের দৃঢ় বিশ্বাস, টুর্নামেন্ট আগানোর সঙ্গে সঙ্গে এমবাপ্পে-ওলিসে জুটি আরও জমবে।
অবশ্য এই দুজনের জুটি নতুন কিছু নয়। বিশ্বকাপ বাছাইয়েও এই জুটির দাপটে ইউক্রেনের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছিল ফ্রান্স। সেই ম্যাচেও ওলিসের একটি দুর্দান্ত পাস জালে পাঠিয়েই প্রথম গোলটি করেছিলেন এমবাপ্পে। ওলিসের সঙ্গে খেলতে এমবাপ্পে ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করেন।
সেনেগালের বিপক্ষে জয়ের পর রিয়াল মাদ্রিদের এই তারকা স্ট্রাইকার নিজেই বলেছিলেন সেই কথা, ‘মাইকেলের সঙ্গে খেলাটা ভীষণ সহজ ও মজার। তাঁকে আপনার বিকল্প দিতে হবে। কারণ সে আপনাকে খুঁজে বের করতে চায়। আর আমি জানতাম, আমি দৌড় শুরু করলে সে আমাকে ঠিকই খুঁজে নেবে। যদিও সব সময় পাস আমার কাছ পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় না। তবে এটা কোনো ব্যাপার না, সবে তো প্রথম ম্যাচ!’ তাদের দুজনের সম্পর্ক নিয়ে বিশ্বকাপের আগে এমবাপ্পে বলেছিলেন, ‘আমি তাকে ভালোবাসি এবং পুরোপুরি চিনতে ও বুঝতে পেরেছি। সে এমন একজন, যে বেশি কথা বলে না। কিন্তু সে খুবই পছন্দ করার মতো একজন মানুষ। সে একটু ভিন্ন প্রকৃতির।’
বোঝাই যাচ্ছে ফিলাডেলফিয়াতে আজ ইরাকের রক্ষণভাগের জন্য বেশ কঠিন একটি দিন আসতে যাচ্ছে। তবে আসরে টিকে থাকতে হলে এ জুটিকে আটকাতেই হবে তাদের। কারণ আজ হারলে আসর থেকে যে বিদায়ঘণ্টা বেজে যাবে মধ্যপ্রাচ্যের দেশটির। ৪০ বছর পর বিশ্বকাপে ফেরা ইরাক প্রথম ম্যাচে নরওয়ের কাছে ৪-১ গোলে হেরেছিল। ইরাকের কোচ গ্রাহাম আরনল্ড জানিয়েছে, ফ্রান্সের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে রক্ষণভাগ শক্ত রেখে খেলবেন তারা। তবে দলের এক নম্বর গোলরক্ষক জালাল হুসেনের হালকা চোট রয়েছে। এ দুই দল এখনও একে অপরের মুখোমুখি হয়নি।
- বিষয় :
- কিলিয়ান এমবাপ্পে
- ইরাক
- ফ্রান্স
- বিশ্বকাপ ফুটবল
