ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ওয়ানডেতে ফেরার প্রস্তাব পেয়ে যা বললেন মুশফিক

ওয়ানডেতে ফেরার প্রস্তাব পেয়ে যা বললেন মুশফিক
×

ছবি- ইউসুফ আলী (সিলেট থেকে)

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬ | ১৫:০৫ | আপডেট: ১৫ মে ২০২৬ | ১৫:০৭

২০২৫ সালের মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মুশফিকুর রহিম। টি-টোয়েন্টি ছেড়েছেন তারও আগে। সম্প্রতি গুঞ্জন উঠেছিল, ওয়ানডে দলের মিডল অর্ডারের শক্তি বাড়াতে আবারও ফেরানো হতে পারে অভিজ্ঞ এই ব্যাটারকে। শুধু টেস্ট চালিয়ে যাওয়া মুশফিককে অবসর ভেঙে ওয়ানডেতে ফেরার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দেওয়ার কথা নিশ্চিত করলেন মুশফিক নিজে।

ওয়ানডেতে ফেরার প্রস্তাব প্রসঙ্গে মুশফিক বলেন, ‘হ্যাঁ, আমার কাছে প্রস্তাব এসেছিল। কিন্তু আমি মনে করি বাংলাদেশ দল এখন যে পর্যায়ে আছে এবং ভবিষ্যতে যেখানে যাবে, সেখানে ইনশাআল্লাহ আমার মতো সার্ভিস আর দরকার হবে না।’

বাংলাদেশের তিন সংস্করণে অধিনায়ক ছিলেন মুশফিক। দেশের হয়ে ২৭৪ ওয়ানডে খেলে তার সেঞ্চুরি ৯টি, ৩৬.৪২ গড়ে করেছেন ৭৭৯৫ রান। ৩৯ বছরে পা দেওয়া মুশফিক দেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক ছুঁয়েছেন। ওয়ানডে বা টি-টোয়েন্টি না খেললেও টেস্ট নিয়ে তার আগ্রহ ও তীব্রতা এখনো কমেনি। লম্বা ক্যারিয়ারে ৬ বছরে ৩৪ টেস্টে অধিনায়কও ছিলেন মুশফিক। দুই দশকে এখন পর্যন্ত খেলেছেন ১০২ টেস্ট।

এই ফরম্যাটে অবসরের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আপাতত কোনো লক্ষ্য নেই। ছাড়ার কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা সময় এখনো ঠিক করিনি। তবে ইনশাআল্লাহ খুব ভালো সময় থাকতে থাকতেই ছেড়ে দেব। এখন চেষ্টা করি প্রতিটা ম্যাচ উপভোগ করতে।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা।

আরও পড়ুন

×