ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

'শান্ত ভাগ্যবান'

'শান্ত ভাগ্যবান'
×

ছবি- বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬ | ১৭:৩৯ | আপডেট: ১৫ মে ২০২৬ | ১৮:৩০

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরে ঐতিহাসিক জয়ের পর এখন লক্ষ্য সিরিজ জয়। সেই লক্ষ্যকে সামনে রেখে আজ সিলেটে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। সেখানে নিজের অধিনায়কত্বের সময়ের সঙ্গে বর্তমান দলের একটি বড় পার্থক্যের কথা তুলে ধরেন তিনি।

মুশফিক মনে করেন, বর্তমান বাংলাদেশ দলের বোলিং ইউনিট আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ভারসাম্যপূর্ণ এবং কার্যকর। নিজের সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘টেস্টে আমাদের বোলিং বিভাগ এখন অনেক বেশি ভারসাম্যপূর্ণ। এটা যেকোনো অধিনায়কের জন্যই দারুণ স্বস্তির। আমাদের এখন প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার সক্ষমতা আছে। সে হিসেবে শান্ত খুবই ভাগ্যবান। আমার সময়ে হয়তো দু-একজন নির্ভরযোগ্য বোলার ছিল, কিন্তু এখনকার পরিস্থিতি পুরো আলাদা।’

অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর পারফরম্যান্স এবং দায়িত্বশীলতায় বেশ সন্তুষ্ট মুশফিক। শান্তর ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘শান্ত দারুণ ব্যাটিং করছে। ওর কাঁধে যখনই বড় দায়িত্ব দেওয়া হয়, ও সেটা দারুণভাবে সামাল দেয়। অধিনায়ক হিসেবেও ও অসাধারণ।’

সিলেটের উইকেট বরাবরই ব্যাটারদের জন্য সহায়ক হয়। তবে বৃষ্টির পূর্বাভাস নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও পিচ নিয়ে আশাবাদী মুশফিক। তিনি বলেন, ‘সিলেটে সাধারণত ভালো ব্যাটিং উইকেট থাকে। তবে বৃষ্টির কারণে প্রথম দিন কিছুটা আর্দ্রতা থাকতে পারে, যা বোলারদের জন্য সুযোগ তৈরি করতে পারে।’

আরও পড়ুন

×